নিউজিল্যান্ডে জয় দিয়ে শুরু ইংল্যান্ডের

স্বাগতিক নিউজিল্যান্ডকে ৪০ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ইংল্যান্ড। অকল্যান্ডে গতকাল শনিবার সিরিজের প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপ অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তবে তার এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করতে একদমই সময় নেননি ইংলিশ ব্যাটসম্যানরা। ঝড়ো শুরুর পরে ওপেনার অ্যালেক্স হেলস বিদায় নিলে মাঠে আসেন মাত্রই ঢাকা ওয়ারিয়র্সের পক্ষে বিপিএল খেলে যাওয়া লুক রাইট। মাত্র ২০ বলে ৪২ রান করে রাইট আউট হয়ে গেলেও মরগান, বাটলারদের মারমুখী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২১৪ রানের বড় সংগ্রহই গড়ে ইংল্যান্ড। বড় লক্ষ্যের তাড়ায় নেমে নিউজিল্যান্ডের শুরুটা খুব একটা ভাল হয়নি। দুই পেসার স্টুয়ার্ট ব্রড এবং স্টিফেন ফিন নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকলে শেষ পর্যন্ত ১৭৪ রানেই থামতে হয় তাদের। ব্রড ২৪ রানে চার উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড: ২১৪/৭ (২০ ওভার)। রাইট ৪২, মরগান ৪৬; ট্রেন্ট বোল্ট ৪০/২,অ্যান্ড্রিউ এলিস ৪০/২। নিউজিল্যান্ড:১৭৪/৯ (২০ ওভার)। মার্টিন গাপটিল ৪৪ ; ব্রড ৪/২৪,ফিন ৩/৩৯।ফল: ইংল্যান্ড ৪০ রানে জয়ী।