‘হোয়াইটওয়াশ’ এড়াতে চায় উইন্ডিজ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
অস্ট্রেলিয়ার কাছে প্রথম চার ম্যাচে হারের পর হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে আজ রবিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নামছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকরা এরই মধ্যে পাঁচ ম্যাচের সিরিজটিতে জয় নিশ্চিত করে ফেলায় অনেকটাই নির্ভার।
ড্যারেন স্যামির দল প্রথম ম্যাচে মাত্র ৭০ রানে অলআউট হওয়ার পর আস্তে আস্তে পারফরম্যান্সের গ্রাফ উঁচুর দিকে তুললেও অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না। কাইরন পোলার্ডের লড়াকু এক সেঞ্চুরির পরেও ওয়েস্ট ইন্ডিজকে শেষ পর্যন্ত পরাজয়ই মানতে হয়েছে চতুর্থ ওয়ানডেতে। তাই আজ শেষ ওয়ানডেটি সফরকারীদের জন্য হয়ে দাঁড়িয়েছে সম্মান বাঁচানোর লড়াই। তবে এ ম্যাচেও তারা পাচ্ছে না দলের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইলকে। ইনজুরির কারণে চতুর্থ ওয়ানডে খেলতে না পারা গেইল এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি।
ভিন্ন চিত্র অস্ট্রেলিয়ার ডাগআউটে। টানা চার ম্যাচ জিতে দারুণ নির্ভার অস্ট্রেলিয়া চলতি সিরিজ শেষ হওয়ার আগেই তাকাচ্ছে ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজের দিকে। ঐ সিরিজের প্রস্তুতি হিসেবে গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েডরা এরই মধ্যে রওনা হয়েছেন চেন্নাইর পথে। নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নারও সেখানে যাচ্ছেন দু’-এক দিনের মধ্যেই। হ্যামস্ট্রিং চোটের কারণে অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক থাকবেন মাঠের বাইরে। চোট মাঠের বাইরে ঠেলে দিয়েছে তাদের টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলিকেও। শেন ওয়াটসনের নেতৃত্বে অপেক্ষাকৃত তরুণ একটা দলই তাই আজ মেলবোর্নে মাঠে নামছে উইন্ডিজের বিরুদ্ধে। সব মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের পর অজিদের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য এই মুহূর্তে উইন্ডিজ অধিনায়ক ভরসা করতে পারেন কেবল অস্ট্রেলিয়া দলের উপরই!