সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৭
নাগেশ্বরীতে যুবকের আত্মহত্যা
নাগেশ্বরী সংবাদদাতাঃ নাগেশ্বরীতে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করায় এলাকায় জল্পনা-কল্পনা চলছে। এলাকাবাসী জানায়, বল্লভেরখাষ ইউনিয়নের ধাড়িয়ার পাড় (ব্রক্ষ্মতর) গ্রামের গিরিশ চন্দ্র বর্মণের ৩য় পুত্র ললিনি কান্ত বর্মণ (৩২) শুক্রবার ভোরে বাড়ির নিকটে শ্যালো মেশিনের ঘরে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন জানায়, ফাঁসিতে নয় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে সে।
কাউখালীতে জাতীয় পার্টির (জেপি) সভা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ গত শুক্রবার বিকেলে কাউখালীর আমরাজুরি ইউনিয়ন জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সোনাকুর খেয়াঘাটে ইউনিয়ন জেপি’র সভাপতি হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি-জেপি’র মাহবুবুর রহমান খান, সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চুন্নু, অধ্যক্ষ আঃ সামাদ, শাহআলম তালুকদার, খান মোঃ বাচ্চু, শাহআলম সেন্টু, আঃ ওয়াদুদ প্রমুখ ।
গোসাইরহাটে সিরাজ দরবেশের বাত্সরিক উরস
শরীয়তপুর প্রতিনিধি \ শরীয়তপুর জেলার গোসাইহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধীপুর এলাকায় সিরাজ সরদার ওরফে সিরাজ দরবেশের ২ দিনব্যাপী বাত্সরিক উরস অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার উরসের প্রথম দিন ও সোমবার উরসের ২য় দিন (প্রধান দিবস)। এই উরসে শরীয়তপুর জেলাসহ বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দ অংশগ্রহণ করবেন। সিরাজ দরবেশ জানান, তিনি প্রায় ৬ বছর যাবত্ এই উরস করে আসছেন।
আজ রায়গঞ্জ থানা আ’লীগের সম্মেলন
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ দীর্ঘ আট বছর পর আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে রায়গঞ্জ থানা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে জাতীয় নির্বাচনী আমেজ ও ব্যাপক উত্সাহ-উদ্দীপনা বিরাজ করছে। রঙ্গিন পোস্টার, প্রচারপত্র ও ব্যানারে ছেয়ে গেছে এলাকার চায়ের দোকান, হাট-বাজার, রাস্তাঘাট ও বিভিন্ন চৌরাস্তার মোড়।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা থানা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী রইচ উদ্দিন জয়নাল ও দলে নবাগত সিরাজগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি আব্দুল হাদি আলমাজি (জিন্নাহ)।
স্বরূপকাঠির মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ স্বরূপকাঠি পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার মো. আব্দুর রহমান ওই প্রতীক বরাদ্দ দেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র প্রার্থী মো. শফিকুল ইসলাম ফরিদ (বিএনপি) পেয়েছেন তালা, মো. আবুল কালাম আজাদ (বিএনপি) দোয়াত-কলম, এ কে এম শহিদুল ইসলাম রিপন (আ.লীগ) টেলিভিশন, মো. গোলাম কবির (আ.লীগ) জাহাজ, মো. ফারুক হোসেন (আ.লীগ) দেয়ালঘড়ি ও মো. শওকত আকবর (আ.লীগ) আনারস প্রতীক পেয়েছেন।
মাগুরায় নবনির্মিত সেতুর উদ্বোধন
মাগুরা প্রতিনিধি\ মাগুরা সদর উপজেলার রাজারামপুর গ্রামের নবগঙ্গা নদীর খালের ওপর ২৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সেতুর উদ্বোধন করা হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম. এস. আকবর এমপি শুক্রবার বিকালে এই সেতুর উদ্বোধন করেন। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, সদর উপজেলা সভাপতি পঙ্কজ কুণ্ডু, হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।
মিঠাপুকুরের মহাসড়কে গণডাকাতি
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ মিঠাপুকুর উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের জায়গীরহাট নামক স্থানে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে যাত্রীবাহী বাসে গণডাকাতির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার ভোররাতে উপজেলার জায়গীরহাট শাপলা কোল্ড স্টোরেজ-এর সামনে ২৫-৩০ জনের একটি ডাকাত দল গাছের গুড়ি ফেলে মহাসড়কে ব্যারিকেড দেয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ২০-৩০টি নাইট কোচ মহাসড়কে আটকা পড়ে। ডাকাতরা ৮/১০টি নাইট কোচের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, গহনা, মোবাইল সেট ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়।
রায়পুরে দুই বাড়িতে ডাকাতি
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ শুক্রবার দিবাগত রাতে রায়পুর উপজেলার চরবিকন্স গ্রামে দুই বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতদের হাতে ৫ জন আহত হয়েছে। উপজেলার চরবিকন্স ফিল্ড গ্রামের চরমোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ জানান, রাতে মুখোশধারী ১৫-২০ জনের একদল ডাকাত তার বিল্ডিংয়ের কলাপসিবল গেইটের তালা কেটে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সৈয়দপুরে মাদক বিরোধী আলোচনা
সৈয়দপুর সংবাদদাতা\ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর সার্কেলের আয়োজনে আগামীকাল সোমবার বেলা ১১টায় অবৈধ মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিতব্য ওই আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. নেয়ামুল ইসলাম ফাতেমী বীর প্রতীক, এএফডব্লিউসি, পিএসসি ও নীলফামারী পুলিশ সুপার মো. আলমগীর রহমান।
নড়িয়ায় জাকের পার্টির কমিটি গঠন
নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শুক্রবার নড়িয়া উপজেলা অস্থায়ী কার্যালয়ে নওপাড়া ইউনিয়ন জাকের পার্টির কমিটি গঠন করা হয়। মোঃ অলি বালাকে সভাপতি ও মোঃ হারুন বেপারীকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নন্দীগ্রামে মোটর সাইকেল চুরি
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা\ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কামুল্যা গ্রামে গতকাল রাতে বগুড়া পল্লী বিদ্যুত্ সমিতির উপজেলা পরিচালক নজিবুল্যাহ মজনুর বাড়ির ভিতর থেকে ওয়ালটন-১৪০ সিসি মোটর সাইকেল চুরি হয়। এ ব্যাপারে পরিচালক নজিবুল্যাহ মজনু নন্দীগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
মেহেরপুরে আইনজীবী সমিতির মিলনমেলা
মেহেরপুর প্রতিনিধি\ গতকাল শনিবার সকালে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নিজস্ব কার্যালয়ে আইনজীবীদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ পল্লব ভট্টাচার্য্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ নুর মোহাম্মদ মোড়ল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ মারুফ আহম্মেদ বিজন, যুগ্ম জেলা জজ আঃ হামিদ, সিনিয়র সহকারী জজ ফারুক ইকবাল।
অভয়নগরে দুর্ধর্ষ ডাকাতি
অভয়নগর (যশোর) সংবাদদাতা\ যশোরের অভয়নগর উপজেলার মহাকাল দত্তপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গৃহকর্তা আশিষ দত্ত জানান, গত শুক্রবার রাত ২টার সময় অস্ত্রশস্ত্র নিয়ে ১০/১২ জনের একদল ডাকাত ঘরের তালা ভেঙ্গে আশিষ দত্তের দেড় বছরের শিশুপুত্র আদিত্য দত্তের গলায় ছুরি ঠেকিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ অর্ধলক্ষাধিক টাকা, ১২ ভরি স্বর্ণ ও ২টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা দেবাশিষ দত্ত (৪৫), চন্দন দত্ত (২০) ও আশিষ দত্তকে (৩২) বেধড়ক পিটিয়ে আহত করে। এ ব্যাপারে আশিষ দত্ত অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশী হামলার প্রতিবাদে শ্রীপুর প্রেসক্লাবে সভা
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা \ মাছরাঙা টেলিভিশন ও দৈনিক সকালের খবর পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দের উপর পুলিশের বর্বরোচিত, নগ্ন হামলার প্রতিবাদে শুক্রবার শ্রীপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি মাগুরা শহরে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় পুলিশী এ্যাকশানের ছবি তুলতে গিয়ে আবু বাসার আখন্দ পুলিশের লাঠি পেটায় মারাত্মক আহত হন। প্রেসক্লাব সভাপতি মুসাফির নজরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টু, সহঃ সভাপতি এম,আর জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, সাংবাদিক হারুন আহম্মেদ, আইয়ুব হোসেন খান, অপূর্ব মিত্র ও জিয়াউর রহমান।
সখীপুরে বিএনপির আহবায়ক কমিটি
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ সখীপুর উপজেলার বিএনপি বুধবার পূর্বের কমিটি ভেঙ্গে ১২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে খোরশিদ আলম মাস্টারকে আহ্বায়ক ও শাহজাহান সাজুকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
সাটুরিয়ায় ছাত্রলীগের কাউন্সিলে সংঘর্ষ
সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা \ সাটুরিয়া উপজেলার সদর ইউনিয়নে ছাত্রলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল সাটুরিয়া ডাকবাংলোতে চলাকালে শুক্রবার অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে ১১জন আহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কমলগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভা পণ্ড
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ কমলগঞ্জে পুলিশি বাধায় স্বেচ্ছাসেবক দল গঠনের সভাটি পণ্ড হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভাটি পুলিশ পণ্ড করে দিয়েছে। জেলা যুবদলের সদস্য প্রাক্তন ইউপি সদস্য আজির উদ্দীনের সভাপতিত্বে সভা শুরু হওয়ার পরই কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ পুলিশের একটি দল নিয়ে এসে ৫ মিনিটের মধ্যে সভা পণ্ড করে দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দেন। ফলে পুলিশি বাধার কারণে সভা পণ্ড হয়ে যায়।
বরিশালে র্যাবের হাতে আটক এক
বরিশাল অফিস \ র্যাব-৮ অভিযান চালিয়ে গুলি ও হকিস্টিকসহ মুনির হোসেন রুমন (২৯) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জ উপজেলার লাকুটিয়া বাজার থেকে তাকে আটক করা হয়। আটক রুমন ঐ এলাকার আব্দুর রশীদ হাওলাদারের ছেলে।
ঘোড়াশালে বিনামূল্যে চক্ষু চিকিত্সা ক্যাম্প
নরসিংদী প্রতিনিধি \ পলাশের ঘোড়াশাল মিয়া বাড়িতে ২দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিত্সা সেবা শুক্রবার শুরু হয়েছে। আহমেদুল কবির (মনু মিয়া) স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এচিকিত্সা সেবা উদ্বোধন করেন পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুকুল ইসলাম ফারুক। স্মৃতি সংসদের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, সাধারণ সম্পাদক সাংবাদিক কার্ত্তিক চ্যাটার্জি, বিশিষ্ট সমাজ সেবক ডা: বিজয় কুমার বণিক, অজয় কান্তি দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোহনগঞ্জে হুমায়ূন আহমেদের স্মরণে মিলাদ মাহফিল
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা \ মোহনগঞ্জ পৌর এলাকার দৌলতপুর গ্রামে শুক্রবার প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মস্থান মামার বাড়িতে হুমায়ূন আহমেদসহ মৃত স্বজনদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ, ছোটভাই আহসান হাবীবসহ অসংখ্য আত্মীয়-স্বজন এ সময় উপস্থিত ছিলেন। হুমায়ূন আহমেদের ছোট মামা মোহনগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মাহবুবুন্নবী শেখ সার্বিক দায়িত্ব পালন করেন।
কয়রায় বাঘের আক্রমণে এক জেলে নিহত
কয়রা (খুলনা) সংবাদদাতা \ সুন্দরবনে মাছ ধরতে গিয়ে শুক্রবার শহিদ ফকির (৩৪) নামের ১ জেলে বাঘের আক্রমণে নিহত হয়েছেন। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের মৃত আনছার ফকিরের পুত্র।
মিঠাপুকুরে বরযাত্রীবাহী বাসে ডাকাতি
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে রংপুর-ঢাকা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে বরযাত্রীবাহী বাসসহ কয়েকটি যানবাহন আটক করে গণডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাত আড়াইটায় ফতেপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।