হাঁপানি চিকিত্সায় ব্যবহূত সেরিটাইডের দাম কত?

দেশের ওষুধ বাণিজ্যের অবস্থা এতটাই ভয়ানক হয়ে দাঁড়িয়েছে যে, তা বলার মতো নয়। এ ব্যবসায়ও এখন সিন্ডিকেট হয়ে পড়েছে। আমেরিকা থেকে আমদানিকৃত সেরিটাইড একোহেলার ৫০/২৫০ এক বছর আগে এক হাজার ছয়শো টাকা দাম নেয়া হতো। কিন্তু দেশীয় একটি প্রতিষ্ঠান একই মানের ওষুধ বাজারজাত করায় সেরিটাইডের দাম নেমে আসে এক হাজার টাকায়। কয়েকদিন যেতে না যেতেই তার দাম আবার এক হাজার দুইশো ৩৮ টাকা করা হয়েছে। অনেক ওষুধের গায়ে লেখা এক হাজার ৩০ টাকা। কিন্তু সেটি কেটে দোকানিরা এক হাজার দুইশো ৩৮ টাকা লিখে রেখেছে। তাই সেরিটাইডের প্রকৃত দাম নির্ধারণ কে করেন সরকার নাকি আমদানিকারকরা? দেশে হাঁপানি রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। তার ওপর শীত জেঁকে বসায় মানুষের দুর্ভোগের আর সীমা থাকছে না। অনেক রোগীর পক্ষে এত উচ্চমূল্য দিয়ে এটি ক্রয় করা সম্ভব নয়। তারপর যদি আরো অতিরিক্ত মূল্যে দিতে হয় তাহলে মানুষ যাবে কোথায়? এ ব্যাপারে ওষুধ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মো. তাওহীদ সরদার নাইম, গোলাপবাগ, মিরাপাড়া, মুন্সীগঞ্জ