জাতীয় অ্যাবাকাস ও মানসাঙ্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ব্যাপক উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের ৭শ শিক্ষার্থীর অংশগ্রহণে এলোহা বাংলাদেশ আয়োজিত ৬ষ্ঠ অ্যাবাকাস ও মানসাঙ্ক প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দি ইন্ডিপেন্ডেন্ট এর সম্পাদক এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলোহা ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা লো মুন সাং এবং ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলী হায়দার চৌধূরী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সাইফুল করিম। বিকালে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত লো মুন সাং বলেন, আমি লক্ষ্য করেছি অ্যাবাকাস পদ্ধতিতে শিশুদের সৃষ্টিশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং মস্তিষ্কের দক্ষতা বহুলাংশে বৃদ্ধি পায়। আলী হায়দার চৌধুরী বলেন, ২০০৬ এ মাত্র ১৭ জন শিক্ষার্থী নিয়ে এলোহার যে যাত্রা শুরু হয় আজ শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে । তিনি আশা প্রকাশ করেন, বছরের শেষে ৭-৮ হাজার শিক্ষার্থী এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে। সাইফুল করিম বলেন, এলোহা বাংলাদেশের শিক্ষার্থীদের সব ধরনের কার্যক্রমের মেধা ও যোগ্যতা রয়েছে, প্রয়োজন শুধু তাদের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্র তৈরি করে দেয়া। এলোহা বাংলাদেশ অত্যন্ত দক্ষতার সাথে এ কাজ করে যাচ্ছে, যার ফলে বিশ্বব্যাপী আমাদের শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রমাণ করে যাচ্ছে। আলোচনা পর্ব শেষে উপস্থিত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় তিন সেরা শিক্ষার্থী হিসাবে নির্বাচিত হয় সামস্ ইশরাক, মাহির মোহাম্মদ তাজওয়ার ও সুবর্ণ নীল। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।