শাহবাগের প্রভাব সংসদেও

দু’দিন বিরতির পর আজ রবিবার আবার জাতীয় সংসদের অধিবেশন বসছে। বিকাল সাড়ে চারটায় অধিবেশন শুরু হবে। চলতি ষোলতম অধিবেশনের আজ নবম কার্যদিবস। গত ২৭ জানুয়ারি চলতি বছরের প্রথম এবং নবম সংসদের ষোলতম অধিবেশন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ভাষণ দেয়ার মধ্যদিয়ে শুরু হয়। অপরদিকে শাহবাগ মোড়ের ঢেউ সংসদ অধিবেশনেও লেগেছে। গত সপ্তাহে অধিবেশন চলাকালে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর জামায়াত-শিবির পর পর দু’দিন সারাদেশে হরতালের কর্মসূচি দেয়। অপরদিকে রায়ের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ মোড় অগ্নস্ফুিলিঙ্গ হয়ে উঠেছে। আর এর প্রভাব লেগেছে জাতীয় সংসদের অধিবেশনে। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন পয়েন্ট অব অর্ডারে সংসদে কাদের মোল্লার বিরুদ্ধে যে রায় হয়েছে তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মেননের সাথে কণ্ঠ মিলিয়ে মহাজোটের কয়েকজন সদস্য প্রতিবাদ জানিয়ে সংসদে আলোচনার দাবি তুলেন। কিন্তু সংসদের উপ-নেতা সৈয়দা সাজেদা চৌধুরী নিজে ফ্লোর নিয়ে বিষয়টিকে বেশিদূর অগ্রসর হতে দেননি। তিনি বলেছিলেন, আদালতের বিষয়ে বক্তব্য দেয়া উচিত হবে না। নিজেরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে মহাজোটের সংসদ সদস্যরা বক্তব্য রাখার সময় কাদের মোল্লার রায়ের প্রসঙ্গ টেনে শাহবাগ মোড়ে প্রতিবাদের যে ঝড় বইছে তার প্রতি একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, শাহবাগ মোড় ছড়িয়ে পড়েছে গোটা দেশে। তরুণরা যে প্রত্যাশায় শাহবাগ মোড়ে রাত-দিন অবস্থান করছে তা বৃথা যাবে না।