বাংলা হোক জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা

বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি, জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার, প্রমিত বাংলা বানানরীতি ও উচ্চারণ অনুসরণ, বাংলা ভাষা শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য-সমপ্রীতি বৃদ্ধি এবং বাংলা ভাষার অপপ্রয়োগরোধের প্রত্যয়ে অনুষ্ঠিত হলো ‘বাংলা ভাষা শিক্ষক পর্ষদ’-এর চতুর্থ সম্মিলন। দুই দিনব্যাপী অনুষ্ঠানের আজ শেষ দিনে ঢাকা কলেজ মিলনায়তনে বাংলা ভাষা, বানান ও উচ্চারণ বিষয়ক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মনসুর মুসা ও অধ্যাপক সৌমিত্র শেখর। ‘বেঁচে থাকি বাংলা ভাষায়’ শীর্ষক সম্মিলনের প্রথমদিন নায়েম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ দিন স্বাগত বক্তব্য পাঠ করেন অধ্যাপক ড. সেলিম আকন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নাট্যজন অধ্যাপক মমতাজউদদীন আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অধ্যাপক রওশন আরা রহমান, মো. খোরশেদ আলম এবং প্রফেসর ড. দিলারা হাফিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আয়েশা বেগম।