তরুণ শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত অধ্যাপকদের জীবন থেকে শিক্ষা নিয়ে আলোকিত মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।
উপাচার্য গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে ইংরেজি বিভাগের উদ্যোগে প্রয়াত অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক ড. খান সরওয়ার মুরশিদ, অধ্যাপক ড. খন্দকার রেজাউর রহমান ও অধ্যাপক ড. রাজিয়া খান আমিন এবং কর্মচারী মো. রফিক স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক তাহমিনা আহমেদের সভাপতিত্বে স্মরণসভায় বিভাগের এমিরেটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. আহসানুল হক প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত অধ্যাপকদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তারা ছিলেন সত্, নিষ্ঠাবান, নির্ভীক শিক্ষক ও গবেষক। জাতির অগ্রযাত্রায় নিজ নিজ অবস্থান থেকে তারা ভূমিকা রেখে গেছেন। তারা সত্য কথাটি সঠিক সময়ে সাহস করে উচ্চারণ করতে শিখিয়েছেন বলে উপাচার্য উল্লেখ করেন।