জাবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
গত ৫ ও ৬ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি বোর্ডের এক জরুরি সভায় প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. কৌশিক সাহাকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন আ ফ ম কামালউদ্দিন হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. শফি মুহম্মদ তারেক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওয়ার্ডেন মো. জাহাঙ্গীর আলম ও সহকারী প্রক্টর সিকদার মো. জুলকারনাইন। সহকারী প্রক্টর মো. ইব্রাহীম খালেদ কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা সংগঠনের জন্য কোন ছাত্র-ছাত্রী আইনত নিষিদ্ধ যে কোন ধরনের অস্ত্র (রড, পাইপ, রামদা, চাপাতি, হাতুড়ি, লাঠি, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ইত্যাদি) হাতে চিহ্নিত হলে তাকে বা তাদেরকে তাত্ক্ষণিকভাবে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে বলে সভায় সুপারিশ করা হয়।
গত ৫ ও ৬ ফেব্রুয়ারি আফম কামাল উদ্দীন হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগ কর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রক্টরসহ ৮জন আহত হয়।