কক্সবাজারে নিখোঁজ সাবেক এনজিও কর্মকর্তার সন্ধান ৭ দিনেও মেলেনি

কক্সবাজার শহরের মোহাজেরপাড়ার বাসিন্দা ছেলে সাবেক এনজিও কর্মকর্তা অর্ধেন্দু বড়ুয়া এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের সন্দেহ, তাকে অপহরণ করে গুম করা হয়েছে। অর্ধেন্দুকে উদ্ধারে পুলিশ কিছুই করছে না বলে অভিযোগ তাদের। নিখোঁজ অর্ধেন্দু বড়ুয়ার স্ত্রী আইন মন্ত্রণালয়ের কর্মচারী অর্চণা বড়ুয়া জানান, গত ৩ ফেব্রুয়ারি বিকালে ছোট ভাই সুখেন্দু বড়ুয়ার সাথে হাতাহাতির জের ধরে আহত তার স্বামী অর্ধেন্দুকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে সন্ত্রাসীরা অর্ধেন্দুকে পকেটমার বলে গণপিটুনি দেয় এবং অপহরণ করে নিয়ে যায়। এরপর ঘটনাটি পুলিশকে জানানো হলেও এখনও তার হদিস মিলছে না। তিনি জানান, তার স্বামীর মোবাইল নম্বরটি মাঝেমধ্যে খোলা পাওয়া যায়। কিন্তু ওই নম্বরে ফোন করলে কল রিসিভ করে কেউ কথা বলে না। তিনি অবিলম্বে তার স্বামীকে উদ্ধারের দাবি করেন। কক্সবাজার সদর থানার ওসি মো. জসিমউদ্দিন জানান, ঘটনার তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।