সাতক্ষীরায় জামায়াতের শীর্ষ নেতা জামসেদসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
সাতক্ষীরা জেলা জামায়াতের শীর্ষ নেতা জামসেদ আলীসহ ৪১ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের একটি মামলায় চার্জশিট প্রদান করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই নাজমুল হোসেন ৭ দিনের মধ্যে তদন্ত শেষ করে শনিবার এ চার্জশিট প্রদান করেন। সাতক্ষীরা সদর থানার ওসি গাজী মোহাম্মদ ইব্রাহীম জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অতর্কিত জঙ্গি মিছিল নিয়ে ৩০ জানুয়ারি বিকালে তালতলা এলাকা থেকে শহরের দিকে আসার সময় সুন্দরবন টেক্সটাইল মিলের সামনে কাটিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুর রহমানসহ ৬-৭ জন পুলিশ মিছিলে বাধা দেয়ার চেষ্টা করেন। এ সময় মিছিলকারীরা কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে একটি পিকআপ ভাঙচুর করে এবং পুলিশের রাইফেল কেড়ে নেয়ার চেষ্টা করে। হামলায় সাতজন পুলিশ সদস্য জখম হন। এ ঘটনায় গত সোমবার রাতে সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক তৌহিদুর রহমান বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা করেন। তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই নাজমুল হোসেন গতকাল জেলা জামায়াতের শীর্ষ নেতা জামসেদ আলী, শেখ জিল্লুর রহমান, নাজমুল ইসলাম গাজী, জিয়ারুল ইসলামসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন।