ব্যর্থতা আড়াল করতে সরকার নতুন ইস্যু তৈরি করছে :ফখরুল

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমাবেশের অনুমতি না পেলেও গতকাল শনিবার বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের আগে দলের নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুটি মাইক লাগিয়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে সদ্য কারামুক্ত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পূর্ব ঘোষিত সমাবেশ করার অনুমতি না দিয়ে বর্তমান সরকার আবারও প্রমাণ করেছে যে তারা বিরোধী দলের প্রতি গণতান্ত্রিক আচরণ করতে জানে না। আর সরকার নিজেদের ব্যর্থতাকে আড়াল করতে নিত্যনতুন ইস্যু তৈরি করছে। তিনি আরো বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছিলাম। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি এবং খুন, গুম, হত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত সমাবেশ করতে লিখিত আবেদন করার পরও অনুমতি না দেয়াটা অগণতান্ত্রিক। অনুমতি না দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার জন্য আমরা একত্রিত হয়েছি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গতকাল বেলা দুইটার পর থেকে ব্যানার নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে। তবে জামায়াত-শিবির গতকাল নতুন কৌশলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। তারা কোন ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেনি। বিশেষ করে কাকরাইল ক্রসিং পার হওয়ার পরই তারা দলীয় শ্লোগান দিয়েছে। এর আগে জামায়াত-শিবির ‘এ মুহূর্তে দরকার, তত্ত্বাবধায়ক সরকার’ এই শ্লোগান দিয়ে বিজয় নগর, পুরানা পল্টন, শান্তিনগর এলাকার গলি থেকে মিছিল বের করে। দলের কার্যালয়ের সামনে গতকাল বিকালে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—আবদুল্লাহ আল নোমান, আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী আহমেদ, আবদ?ুস সালাম, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।