ফাঁসির দাবিতে অনড় সারাদেশ
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪৬
চিহ্নিত যুদ্ধাপরাধী জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে সারাদেশে বিক্ষোভ, সমাবেশ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে এই বিক্ষোভের আগুন। পাল্লা দিয়ে বাড়ছে আন্দোলনে অংশগ্রহণ-কারীর সংখ্যা। গতকাল শনিবারও বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যুদ্ধাপরাধীদের প্রতি তাদের ঘৃণা ও ধিক্কার প্রকাশ করেছেন। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বরিশাল:মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে দুপুরে নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে। বিকেলে একই স্থানে অবস্থান নিয়ে ‘একাত্তর মঞ্চ বরিশাল’ এই ব্যানারে সাংস্কৃতিক সংগঠনগুলো দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে। তাদের সাথে নগরীর বিভিন্ন কলেজ থেকে শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করে। এদিকে একই দাবিতে সকালে নগরীর ফকিরবাড়ী রোডের বিএনডিএন কার্যালয়ে সুজনের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মোঃ আক্কাস হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বরিশাল প্রেসিক্লাব সভাপতি এডভোকেট মানবেন্দ্র বটব্যাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, তরুণ প্রজন্মরাই হচ্ছে আজকের মুক্তিযোদ্ধা। তাদের জয় হবেই হবে।
রাজশাহী: যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রা.বি.) ক্যাম্পাস। সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গণমঞ্চ’-এর উদ্যোগে দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলায় মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়। অন্যদিকে রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্বরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজোয়ার দিন দিন বাড়ছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সন্ধ্যায় শহরে মোমবাতি প্রজ্বলন ও মশাল মিছিলের আয়োজন করা হয়।
নবাবগঞ্জ (ঢাকা):উপজেলা সদর শহীদ মিনারে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সেখানে কাদের মোল্লার প্রতীকী হিসেবে “আব্দুর রাজ্জাক” নামে এক ব্যক্তিকে গলায় রশি দিয়ে ফাঁসি কার্যকর করা হয়।
নরসিংদী:পৌরসভার সামনে ‘জাগ্রত নরসিংদীবাসী’ আয়োজিত অবস্থান ধর্মঘট অব্যাহত রয়েছে। এছাড়া ঢাকা-সিলেট সড়কের শিবপুর উপজেলার ইটাখোলায় সর্বস্তরের লোকজনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় নেতা এবং প্রাইম ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা ও কৃষি ব্যাংক পরিচালক মাহাবুবুর রহমান ভুঁইয়া।
বগুড়া:যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ছাত্রফ্রন্ট সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেছে। পরে তারা একই দাবিতে বিক্ষোভ মিছিল করে।
বাগেরহাট:জেলা মহিলা পরিষদ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে সিপিবি, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন নেতা-কর্মীরা অংশ নেন।
ব্রাহ্মণবাড়িয়া: জেলা বাম গণতান্ত্রিক শক্তির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকালে স্থানীয় পৌর আধুনিক সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় মুক্তিযোদ্ধারা এসে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। পরে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা জাগরণের গান গেয়ে শুনান।
ভাণ্ডারিয়া (পিরোজপুর) ঃ কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান খান মো. রুস্তম আলি, আবু বক্কর সিদ্দিক, মন্টু হাওলাদার, মোঃ লিয়াকত হোসেন তালুকদার, অধ্যক্ষ আবুল বাশার বাদশা প্রমুখ। সমাবেশে ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
কাউখালী (পিরোজপুর) ঃ “অগ্নি চেতনায় জেগে ওঠো, ন্যায়বিচার নিশ্চিত কর”- এই শ্লোগান দিয়ে কাউখালীতে উত্তরায়ণ খেলাঘর আসর সরকারি হাইস্কুল রোডে মানববন্ধন করে। মানববন্ধনে ছোট ছোট শিশুসহ দেড় শতাধিক লোক খুনি কাদের মোল্লাসহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি জানান। মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেয় কাউখালী উদীচী, সূর্যোদয় খেলাঘর আসর, ধ্বণি সাংস্কৃতিক কেন্দ্র, ছাত্র ইউনিয়ন ও মহিলা পরিষদ।
পীরগঞ্জ (রংপুর) ঃ রংপুরের পীরগঞ্জে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ‘নব প্রজন্ম’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে প্রায় দেড় হাজার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
চাঁদপুর ঃ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, পথসভা ও গণসংগীত অব্যাহত রয়েছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত স্থানীয় শপথ চত্বরের পাঁচ রাস্তার মোড়ে এ কর্মসূচি গত ৪ দিন ধরে অবিরাম চলছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) ঃ চট্টগ্রামের সীতাকুণ্ড ও ভাটিয়ারীতে গণজমায়েত করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা সংহতি প্রকাশ করেন।
এতে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাসেম এমপি, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আবদুল্লা আল বাকের ভুঁইয়া প্রমুখ। ভাটিয়ারীতে ‘প্রজন্ম ৭১’ এর উদ্যোগে আয়োজিত গণজমায়েতে বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।
মির্জাপুর (টাঙ্গাইল) ঃ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রাজাকারদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে এতে বক্তব্য রাখেন দুর্লভ বিশ্বাস, তওফিকুর রহমান তালুকদার রাজিব প্রমুখ। আগে ‘মুক্তযোদ্ধা প্রজন্ম-৭১’ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মির্জাপুর শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করে প্রতিবাদ সমাবেশ করেছে।
মুন্সীগঞ্জ ঃ ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলীতে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত শত জনতা এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে। সকালে সরকারি হরগঙ্গা কলেজে সাধারণ শিক্ষার্থী ও জনতা প্রতিবাদ সমাবেশ এবং গণস্বাক্ষর গ্রহণ করে। শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্ব্বর এবং কেন্দ্রীয় শহীদ মিনারেও নানা কর্মসূচি পালিত হয়েছে।
গোবিন্দগঞ্জ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কয়েকশ সংগীত শিল্পী ও শিক্ষার্থী বিক্ষোভ র্যালী বের করে। র্যালী থেকে বিভিন্ন শ্লোগান দিয়ে মানবতাবিরোধীদের অবিলম্বে ফাঁসির দাবি জানানো হয়েছে।
সরিষাবাড়ী (জামালপুর): সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের উদ্যোগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে দুপুরে শহরের প্রধান সড়কে মানববন্ধন করা হয়।
ঈশ্বরদী (পাবনা):শহরের পুরাতন বাসস্ট্যান্ডে ‘জাগো ঈশ্বরদীবাসী জাগো’ মঞ্চে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কবিতা আবৃত্তি, গণসঙ্গীত ও নাটক পরিবেশন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো। পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরিফ, সিপিবি’র কেন্দ্রীয় নেতা কমরেড জসীম উদ্দিন মন্ডল, উপজেলা চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস প্রমুখ মঞ্চে উপস্থিত হয়ে কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন।
গাইবান্ধা:পৌর পার্কের বিজয় স্তম্ভ চত্বরে উদীচীর আয়োজনে অবস্থান কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এছাড়া গতকাল থেকে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরী মাঠে এবং গোবিন্দগঞ্জের শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।
সোনারগাঁও: দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় স্থানীয় আওয়ামী লীগ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে। এ সময় কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ করা হয়।
চলনবিল: মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে তাড়াশ উপজেলা সদরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তৃতা করেন পলাশডাঙ্গা যুবশিবিরের সহঅধিনায়ক তাড়াশ উপজেলা চেয়ারম্যান গাজী ম.ম আমজাদ হোসেন মিলন।
রাজারহাট: কুড়িগ্রামের রাজারহাটে ‘ফেইসবুক ব্লগার এবং তরুণ প্রজন্ম’ এর উদ্যোগে মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
মেহেরপুর: জেলা যুবলীগের উদ্যোগে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়।
মোহনগঞ্জ (নেত্রকোনা): নেত্রকোনার মোহনগঞ্জে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ আলী উছমান শিশুপার্কের মুক্তমঞ্চের এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রয়াত কথাসাহিত্যিক ড. হুমায়ূন আহমেদের মাতা আয়েশা ফয়েজ।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান: শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঝিনাইদহের শৈলকুপা শহরের চৌরাস্তা মোড়ে কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ, গণসংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন করা হয়।
ফরিদপুর ঃ জেলায় ৩ শীর্ষ যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার, কাদের মোল্লা ও মুজাহিদসহ মানবতাবিরোধী সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ফরিদপুরে আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল বিকেলে আন্দোলনকারীরা শহরের প্রাণকেন্দ্র জনতা ব্যাংকের মোড়ে ইমামউদ্দীন স্কয়ারে অবস্থান নেন। একই দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাধীনতা চিকিত্সক পরিষদ।
গোপালগঞ্জ :কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলার সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনের সড়কে কলেজের শিক্ষার্থীরা অবস্থান নন। একই সময় শহরের প্রধান সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা একই দাবিতে বিক্ষোব মিছিল করে বরে। এ সময় বিক্ষোভকারীরা ‘আমার দেশ’ পত্রিকায় অগ্নিসংযোগ করে।