সিরিয়া পরিস্থিতি মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র :জন কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সিরিয়া পরিস্থিতির মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র। দেশটির সংঘাত নিরসনে কী পদক্ষেপ নেয়া যায় সেই বিষয়ে চিন্তা করা হচ্ছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। ওয়াশিংটনে কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে কেরি বলেন, সিরিয়ায় প্রচুর লোক হতাহত হয়েছে এবং সেখানে যা ঘটছে তাতে ওবামা প্রশাসন গভীর উদ্বিগ্ন। আমরা চেষ্টা করছি বর্তমান পরিস্থিতিতে কিভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। তিনি বলেন, আমরা কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। এরপরও সমাধান না হলে কী পদক্ষেপ নিলে দেশটির সহিংসতা কমানো যায় সেই বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। পদক্ষেপ নেয়ার বিষয়ে সাংবাদিকদের জানানো হবে বলেও তিনি জানান। কিছুদিন আগে নিয়োগ পাওয়া দেশটির সাবেক সিনেটর কেরি বলেন, সিরিয়ার ক্ষেত্রে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে, দেশটিতে আল-কায়েদাসহ বিভিন্ন সহিংস দল প্রবেশ করেছে যেটি খুবই বিপজ্জনক এবং জটিল। তিনি আরো বলেন, সবাই জানেন যে, এটা এমন একটা স্থান যেখানে রাসায়নিক অস্ত্র আছে। আর সেটিই সবচেয়ে উদ্বেগের।