শাহবাগের ঢেউ বইমেলায়

প্রতিবাদ আর শ্লোগানে শ্লোগানে মুখর বইমেলা প্রাঙ্গণ। রাজধানীবাসী গতকাল ছুটির দিনে এসে মিশেছিল শাহবাগ আন্দোলনে। ‘শাহবাগ আন্দোলন’র উত্তেজনা ছড়িয়ে গিয়েছিল বইমেলাতেও। সময় যত গড়িয়েছে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের স্রোত। সন্ধ্যার পর মেলায় আর তিল ধারণের ঠাঁই ছিল না। মেলায় প্রবেশ পথে মানুষের দীর্ঘ সারি। শাহবাগের মোড়ের আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছিল মেলাতেও। বিভিন্ন সংগঠন মেলা চত্বরেও তাত্ক্ষণিক মিছিল করেছে। তাদের শ্লোগানমুখর মিছিল মেলাতেও ছড়িয়ে দিয়েছিল শাহবাগ আন্দোলনের উত্তেজনা। মেলায় মুহম্মদ জাফর ইকবাল জনপ্রিয় কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল গতকাল মেলায় এসেছিলেন। পাঠকদের তিনি অটোগ্রাফ দিয়েছেন হাসিমুখে। মেলায় ঢুকতেই ক্ষুদে ভক্তরা ঘেরাও করেছিল তাঁকে। সেই বিকাল চারটা থেকে রাত পর্যন্ত একটানা দাঁড়িয়ে অটোগ্রাফ দিলেন ভক্তদের। রীতিমত ভিড় জমে গিয়েছিল। সে ভিড় সামাল দিতে দাঁড়িয়ে গিয়েছিলেন কয়েকজন প্রকাশক। তিনি বলেন, বইমেলায় আসতে আমার বরাবরই ভালো লাগে। তাইতো সুযোগ পেলেই ছুটে আসি মেলায়। এখানে আমার প্রিয় বন্ধুদের সাথে দেখা পাওয়ায় আমি খুবই খুশি। এতো মানুষের ভিড়ে এসব নিষ্পাপ মুখগুলো আমাকে আরো লেখার জন্য উত্সাহ দেয়। আন্দোলনের সময়ে বই বিক্রি বেশি হয়- এমনটাই জানালেন আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি। তিনি বলেন, এ সময় কবিতা, গল্পের বই বেশি বিক্রি হয়। ইত্যাদি গ্রন্থপ্রকাশের আদিত্য অন্তর বলেন, সব বিষয়ে বই এবার ভালো বিক্রি হচ্ছে। অন্যান্যবারের চেয়ে ভিড়ও বেশি, বিক্রিও বেশি জমজমাট শিশুপ্রহর গতকাল শনিবারও ছিল শিশুপ্রহর। শিশুরা বাবা-মা, ভাইবোনদের সঙ্গে এসেছিল। বই কেনার চাইতে মেলা প্রাঙ্গণে দৌড়াদৌড়ি করতেই বেশি আগ্রহ ছিল তাদের। তবে সবাই বই কিনেই ঘরে ফিরেছে। নজরুল মঞ্চের চিত্র বাংলা একাডেমীর নজরুল মঞ্চে গতকাল ৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এর মধ্যে বিজয় প্রকাশ থেকে প্রকাশিত মীর তারিকুল ইসলাম সজীবের কাব্যগ্রন্থ ‘স্মৃতি নষ্ট হয়ে গেছে’র মোড়ক উন্মোচন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক। ভাষাসংগ্রামী আব্দুল মতিন নূরন্নবী বাবুলের ‘নীল পায়রা আক্রান্ত করতল’ ও আতাউর রহমান উন্মোচন করেন খন্দকার মাহফুজের ‘বিবর্ণ নগরী’। এছাড়া আরো উন্মোচিত হয় জাহানারা বুলার ‘যদি আরো কারে ভালোবাসো’, আসিফ মামুনের ‘রূপালী রোদ্দুর’, আব্দুর রহমান হূদয়ের ‘আকাশে মেঘ’ ও এস. এম. শাওয়ান মনিরের ‘পারাপারের প্রার্থনা’। নতুন বই বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী গতকাল মেলায় নতুন বই এসেছে ১৬২টি। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- শুদ্ধস্বরের মুহাম্মদ হাবিবুর রহমানের ‘নির্বাচন যথেষ্ট নয় তবে নির্বাচন হতে হবে’ ও স্বকৃত নোমানের ‘হীরকডানা’, বিভাষের রফিক আজাদের কাব্যগ্রন্থ ‘সশস্ত্র সুন্দর’, বিদ্যা প্রকাশের আনোয়ারা সৈয়দ হকের ‘তপনের মুক্তিযুদ্ধ’, অবসরের বরেন চক্রবর্তীর ‘দূরবর্তিনী’, বাংলা একাডেমীর শফিকুর রহমান চৌধুরীর ‘ভাষা শহীদ শফিউর রহমান’, অন্যপ্রকাশের আনিসুল হকের ‘ফাল্গুনের রাতের আঁধারে’ ও পূরবী বসুর ‘নিউইয়র্কে হুমায়ূন আহমেদের চিকিত্সা ও অন্যান্য প্রসঙ্গ’, অ্যাডর্নের জয়নাল হোসেনের ‘মানবপুত্র গৌতম ধর্ম ও জীবনাচার’, আগামী প্রকাশনীর মামুন রশীদের ‘উত্সবের অর্থনীতি’ ও মাহবুব সিদ্দিকীর ‘আম’, আদর্শের মনির জামানের ‘বাস্তুহারার দল’, আল মাহমুদের গল্পগ্রন্থ ‘পানকৌড়ির রক্ত’, সাকী প্রকাশনীর মোস্তফা তোফায়েলের ‘প্রমিথিউস বঙ্গবন্ধু’, ইত্যাদি গ্রন্থ প্রকাশের সালেক খোকনের গবেষণাকর্মী বই ‘রক্তে রাঙা একাত্তর:গণহত্যা গণকবর ও যুদ্ধাহতদের ভাষ্য’, অনিন্দ্য প্রকাশের সুরমা জাহিদের সম্পাদনায় ‘বহির্বিশ্বে গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ’, কাকলী প্রকাশনীর সুমন্ত আসলামের ‘জিনিয়াস জিনিয়ান’, ঐতিহ্যের পলাশ দত্তের ‘গীতাঞ্জলি চক্রে রবীন্দ্রনাথ’, সূচীপত্রের মারুফ কামাল খানের ‘অসময়ের কোড়ে’, মিজান পাবলিকেশন্সের মাহবুব চৌধুরীর ‘ভূতের চিঠি’, জুলফিয়া ইসলামের ‘মনোভুবনের বিচিত্র আলো আঁঁধারি’, সিঁড়ি প্রকাশনীর সালেহা চৌধুরীর ‘তোমাদের জন্য চিরকালের গল্প’ ও শাহরিয়ার কবিরের ‘যুদ্ধাপরাধের বিচার নুরেমবার্গ থেকে ঢাকা’, অন্বেষার আন্দালিব রাশদীর ‘ভারপ্রাপ্ত সচিব’ প্রভৃতি। মেলামঞ্চের আয়োজন বইমেলার মূল মঞ্চে গতকাল অনুষ্ঠিত হয় ‘জন্মশতবর্ষে অদ্বৈত মল­বর্মণ এবং আমাদের দায়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক ও গবেষক শান্তনু কায়সার। আলোচনায় অংশগ্রহণ করেন- কথাশিল্পী হরিশংকর জলদাস ও অধ্যাপক সফিকুন্নবী সামাদী। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। বক্তারা বলেন, ব্রাত্য জনগোষ্ঠীর অমর কথাকার অদ্বৈত মল্লবর্মণকে তাঁর জন্মশতবর্ষে স্মরণের মধ্য দিয়ে বাংলা একাডেমী একটি মহত্ কাজ সম্পাদন করেছে। আজকের আয়োজন আজ রবিবার মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘আখতারুজ্জামান ইলিয়াস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন এএম মাসুদুজ্জামান। আলোচনায় অংশগ্রহণ করবেন- ফজলুল আলম, আবদুস সেলিম এবং আহমাদ মোস্তফা কামাল। সভাপতিত্ব করবেন কবি বেলাল চৌধুরী