সকল যুদ্ধাপরাধীর বিচার হবে :আশরাফ

স্থানীয় সরকার মন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলার মাটিতে সকল যুদ্ধাপরাধীর বিচার হবে। যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সারা দেশ আজ ঐক্যবদ্ধ। আসুন আমরা যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে ঐক্যবদ্ধ থাকি। আওয়ামী লীগ কারো সাথে আঁঁতাত করেনি। মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলনে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের ইতিহাস, আন্দোলনের ইতিহাস। গতকাল শনিবার সন্ধ্যায় ত্রিশাল নজরুল কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় সংসদ সদস্য এডভোকেট রেজা আলীর সভাপতিত্বে তিনি এসব কথা বলেন। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংসদ সদস্য ডা. এম আমান উল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা চেয়ারম্যান এ এন এম শোভা মিয়া আকন্দ, ত্রিশাল পৌর মেয়র এ বি এম আনিসুজ্জামান প্রমুখ। সৈয়দ আশরাফুল ইসলাম আরো বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সন্দেহ প্রকাশ করে ও যারা বলে আঁতাত করে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে, তারা আসলে যুদ্ধাপরাধীদের বিচার চায় না। নেতা-কর্মীদের উদ্যেশে বলেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন এবং প্রতিটি ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায় ও জেলায় জেলায় কমিটি গঠন করে দলকে শক্তিশালী করুন। জনসভা চলাকালীন ত্রিশালের সংসদ সদস্য রেজা আলীর বক্তব্যের এক পর্যায়ে ছাত্রলীগের দুই গ্রুপ সংঘাতে জড়িয়ে পড়ে এবং এমপি রেজা আলীকে লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতা জুতা নিক্ষেপ করে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে পুনরায় সভা শুরু হয়।