যুক্তরাষ্ট্রে প্রচণ্ড তুষার ঝড়ে একজন নিহত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে প্রচণ্ড তুষার ঝড়ে একজন নিহত হয়েছে। পাঁচটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সাড়ে ছয় লাখ লোক বিদ্যুত্হীন হয়ে পড়েছে। ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের একটি পরমাণু বিদ্যুেকন্দ্র স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার পর জেনারেটরের মাধ্যমে চালু করা হয়। ঝড়ের কবলে পড়া এসব রাজ্যের প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ কানাডায়ও তুষারঝড়ের খবর পাওয়া গেছে। খবর বিবিসি, সিএনএন এবং টাইমস অব ইন্ডিয়ার। শুক্রবার বিকেল থেকেই গতকাল পর্যন্ত নিউইয়র্ক থেকে বোস্টন পর্যন্ত প্রচণ্ড তুষারপাত হয়। ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, নিউইয়র্ক, কানেক্টিকাট এবং মেইন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এসব এলাকার বাসিন্দাদের ঘর থেকে বের হতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। ম্যাসাচুসেটস, কানেক্টিকাট এবং রোড আইল্যান্ডে রাস্তায় গাড়ি বের করলে এক বছরের জেল এবং পাঁচশত ডলার জরিমানার বিধান করা হয়েছে। নিউইয়র্কে নিয়ন্ত্রণ হারিয়ে ১৮ বছরের এক মহিলার গাড়ি ৭০ বছরের এক বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, নিউইয়র্কের রাস্তায় শতশত গাড়ি বরফে আটকা পড়েছে। গতকাল শনিবার দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঝড় আগের সব ঝড়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। নিউইংল্যান্ডে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করতে পারে। সড়কগুলো পিচ্ছিল হয়ে পড়ায় কিছু দুর্ঘটনার খবর পাওয়া গেছে। নিউইয়র্কসহ আশপাশের প্রধান বিমানবন্দরগুলোতে প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। শুক্রবার দুপুরে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। নিউইংল্যান্ডে রাস্তায় প্রায় দুই ফুট বরফ জমে গেছে। কানেক্টিকাটে ২০ ইঞ্চি পুরু বরফ জমেছে। ম্যাসাচুসেটসে ঝড়ের গতিবেগ ঘন্টায় ৬০ থেকে ৭৫ মাইল। রাজ্যটির গভর্নর দেভাল প্যাট্টিক রাস্তার সকল অপ্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। রাজ্যটির বিদ্যুত্ বিভাগ জানিয়েছে, রাজ্যে প্রায় চার লাখ লোক বিদ্যুত্হীন হয়ে পড়েছে। বিদ্যুত্ না থাকার কারণে রাজ্যটির পরমাণু বিদ্যুত্ কেন্দ্র বন্ধ হয়ে যায়। পরে জেনারেটরের সাহায্যে আবার চালু করা হয়। রোড আইল্যান্ডের প্রায় ১ লাখ ৮০ হাজার লোক বিদ্যুত্হীন অবস্থায় কাটাচ্ছে। মেইনের প্রায় সবকিছু বরফে সাদা হয়ে গেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পার্শ্ববর্তী দেশ কানাডায়ও তুষারঝড়ের খবর পাওয়া গেছে। দেশের আটলান্টিক উপকূলের দক্ষিণাঞ্চলীয় অন্টারিও প্রদেশে দুই ফুটের বেশি বরফ জমেছে। সেখানে কমপক্ষে দুইশত গাড়ি দুর্ঘটনায় পড়ে। এসব দুর্ঘটনায় তিনজন মারা গেছে বলে জানা গেছে।