আশঙ্কামুক্ত তাঁরা...

মঙ্গলবার শারীরিক অবস্থা হঠাত্ করে খারাপ হলে রাজধানীর আজগর আলী হাসপাতালে নেওয়া হয় কিংবদন্তী অভিনেতা এটিএমন শামসুজ্জামানকে। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় আপাতত আর লাইফ লাইফ সাপোর্ট লাগবে না এটিএম শামসুজ্জামানের। গতকাল সকালে তাঁর লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়েছে। এটিএম শামসুজ্জামানের তত্ত্বাবধানকারী ডা. রবিউল আলীম বলেন, ‘এখন এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এজন্য আপাতত তাঁর লাইফ সাপোর্ট খোলা হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। ওইদিন এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেওয়া হয়। তখন হঠাত্ করে তাঁর মল ত্যাগে জটিলতা দেখা দেয়।

এজন্য গত ২৭ এপ্রিল দুপুরে জরুরি ভিত্তিতে তাঁকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার সফলভাবে শেষ হয় তাঁর। ২৮ এপ্রিল সকালে তাঁকে কেবিনে স্থানান্তর করা হয়। কিন্তু ৩০ এপ্রিল তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এদিন বিকেল ৩টার দিকে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

অন্যদিকে, উন্নত চিকিত্সার জন্য ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয়েছে বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিত্সাধীন এই সঙ্গীতশিল্পী গতকাল চোখ খুলেছেন। একমাত্র মেয়েকে দেখে চোখে পানি চলে আসে তাঁর। সিঙ্গাপুর থেকে তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী জানান, গতকাল চিকিত্সকরা জানিয়েছেন জ্বর নিয়ন্ত্রণে এসেছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সুবীর নন্দীর চিকিত্সার বিষয়টি সমন্বয় করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১৮ দিন চিকিত্সাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেওয়া হয়েছে সুবীর নন্দীকে।