জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সময় এসেছে
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৫
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী-এমপি বানিয়ে ৩০ লাখ শহীদের রক্তের সাথে বেঈমানী করেছেন। এখন সময় এসেছে, স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার। রাজাকারদের চরিত্রের পরিবর্তন হয়নি। আর তাই স্বাধীন বাংলার মাটিতে তাদের রাজনীতি করতে দেয়া যায় না। যুদ্ধাপরাধীদের বিচার কোন শক্তিই ঠেকাতে পারবে না। গতকাল শনিবার দুপুরে স্থানীয় শহীদ সাটু হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সঈদ-আল-মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুদ্দিন মন্ডল, মুহাঃ জিয়াউর রহমান এমপি, আব্দুল ওদুদ এমপি, এ্যাডভোকেট শওকত আরা বেগম এমপি, সদর উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমরান ফারুক মাসুম প্রমুখ। আগামী ৩০ মার্চ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল হবে বলে বর্ধিত সভায় ঘোষণা দেয়া হয়।