পিরোজপুর-২ সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজ স্বরূপকাঠিতে হরতাল
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫৫
স্বরূপকাঠি-কাউখালী- ভান্ডারিয়া উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্বরূপকাঠি উপজেলার সর্বস্তরের মানুষ। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এক সমাবেশে আজ রবিবার স্বরূপকাঠিতে সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর এম এ বারি, উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল হামিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক, সুব্রত কুমার ঠাকুর, সাংবাদিক মো. নজরুল ইসলাম, উপজেলা গণফোরাম সভাপতি মহিবুল্ল¬াহ্, প্রধান শিক্ষক স্বপন কুমার দত্ত, মো. সামসুল আলম, কাউখালী উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আব্দুল আওয়াল, কাউখালী উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান মিঠু ও ইউপি সদস্য মমতাজ বেগম প্রমুখ। সমাবেশের পূর্বে এক বিক্ষোভ মিছিল উপজেলা সদরসহ ইন্দুরহাট মিয়ারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।