সাগর-রুনিকে নিয়ে কুমার বিশ্বজিতের বিশেষ গান

সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যার এক বছর পূর্তি হচ্ছে আজ। এ উপলক্ষে রচিত একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিত্। ‘দৃষ্টির বাইরে রয়ে গেছে খুনি, কবরে ঘুমিয়ে আছে সাগর রুনি, কেঁদে কেঁদে ওঠে ছোট মেঘ, জেগে ওঠো জাতির বিবেক’—এমন কথামালার গানটি লিখেছেন কবির বকুল। সুর-সংগীত করেছেন শিহাব রিপন। আজ সারাদিন গানটি প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে। শুধু তাই নয়, সাগর-রুনি হত্যার প্রথম বার্ষিকীতে মাছরাঙা আয়োজন করেছে বিশেষ কর্মসূচির। আজ সন্ধ্যা ৬টায় মাছরাঙা টেলিভিশন কার্যালয়ের সামনে প্রদীপ প্রজ্বলন ও মানববন্ধন অনুষ্ঠিত হবে। সরাসরি সম্প্রচার হবে এ কর্মসূচি। রাত ১১টায় মাছরাঙা প্রচার করবে দেবাশীষ শর্মা বাপ্পীর প্রযোজনায় বিশেষ প্রামাণ্যচিত্র ‘মেঘের শূন্য বাড়ি’।