জন লেননদের কীর্তি!

অপরাধপ্রবণ দেশ হিসেবে এমনিতেই খানিকটা দুর্নাম আছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের। আর সেই ব্রাজিলেই গেল এক সপ্তাহে নানা ধরনের অপরাধের কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনজন জন লেনন! অন্যদিকে শহরের একটি মর্গে মিলেছে অপর আরেক জন লেননের মরদেহ। পাশ্চাত্য সংগীতের কিংবদন্তিতুল্য বিটলস্ গায়ক জন লেননের নামটা যারা জানেন তাদের কাছে নিশ্চয়ই সংবাদের এতটুকু পড়েই দারুণ খটকা লাগছে। কেননা দুনিয়া কাঁপানো এই গায়ক পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তাও আজ প্রায় ৩২ বছর হতে চলল। তা ছাড়া জন লেনন নামে খ্যাতির শীর্ষে ওঠা গায়কও দুনিয়ায় একজন। কাজেই এই ২০১৩-তে এসে তিন তিনজন লেননের গ্রেপ্তার আর একজনের মৃত্যু খানিকটা নাটকীয়ই বটে। আর এই নাটকীয়তার কারণেই সম্প্রতি বিশ্বের বহু দেশের সংবাদমাধ্যমেই শিরোনাম হয়ে এসেছে এই নামের চারজনের স্বল্প সময়ের ব্যবধানে ধরা পড়া কিংবা মারা যাওয়ার ঘটনাটি। বিখ্যাত ব্যক্তিদের নামে নিজের সন্তানের নাম রাখার ঘটনা গোটা দুনিয়াতে নতুন কোনো বিষয় না হলেও বিখ্যাত কারও নাম ধারণ করা চার চারজনের অপরাধী হিসেবে ধরা পড়ার বিষয়টি চমক তৈরি করেছে। ঘটনার বিবরণে জানা যায়, ধরা পড়া চার লেননের প্রথম জন ২২ বছর বয়সী জন লেনন কামারগস গোমেজ ধরা পড়েন মাস খানেক আগে। তার বিরুদ্ধে পাঁচটি খুনের গুরুতর অভিযোগ উত্থাপন করে পুলিশ। এরপর মাত্র মাসখানেক আগেই ডাকাতি প্রচেষ্টার অভিযোগে আরেক ২২ বছর বয়সী লেনন জন লেনন ফনসেকা ফেরেইরাকে গ্রেপ্তার করে পুলিশ। আর সম্প্রতি একটি লটারি এজেন্সি লুট করার চেষ্টার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হন ১৯ বছর বয়সী জন লেনন রিবেইরো সিকুয়েরা। অন্যদিকে এ বছরের শুরুতে একটি পার্ক করা গাড়ির পেছনের সিট থেকে জন লেনন সেবাস্টিও ডা সিলভা নামের ১৮ বছর বয়সী যে কিশোরের লাশ উদ্ধার করা হয় সেও অপরাধ জগতের কোনো প্রতিপক্ষের হাতে নিহত হয়েছিলেন বলে ধারণা স্থানীয় পুলিশের। তবে জন লেননদের এইসব কুকীর্তির বাইরে একই নামে ভালো কেউও যে নেই তা কিন্তু নয়। বরং রিও ডি জেনিরো’র সবচেয়ে জনপ্রিয় ফুটবল দল বোটাফোগোর নির্ভরশীল এক ডিফেন্ডারের নামও জন লেনন সিলবা স্যান্টোস। ২২ বছর বয়সী এই তারকা খেলোয়াড় ইতোমধ্যেই তার ক্লাবের হয়ে মাঠে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন। উল্লে¬খ্য, গোটা ব্রাজিল জুড়েই দারুণ জনপ্রিয় বিটলস্। বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে বিটলসে্র তারকা শিল্পী জন লেনন ব্রাজিলীয়দের কাছে এতটাই প্রিয় ছিলেন যে সে সময় অনেক মা-ই তাদের সন্তানের নামের সাথে জন লেনন নামটি জুড়ে দিয়েছিলেন। ফলে গোটা ব্রাজিল জুড়ে একটু খুঁজলে কয়েক হাজার জন লেনন খুঁজে পাওয়াও অসম্ভব নয়!