১৪’শ কর্মীকে প্রবাসী কল্যাণ ব্যাংকের অভিবাসন ঋণ বিতরণ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩০
প্রবাসী কল্যাণ ব্যাংক গত ডিসেম্বর মাস পর্যন্ত ১৩ মাসে প্রায় ১৪’শ বিদেশগামী কর্মীকে প্রায় ১৪ কোটি টাকার অভিবাসন ঋণ বিতরণ করেছে। এর পাশাপাশি এ সময়ে দেশে ফেরত ৫০ জন শ্রমিককে ব্যাংক পুনর্বাসনে প্রায় এক কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। ব্যাংক সূত্র জানায়, এসব শ্রমিক ঋণ নিয়ে সৌদি আরব, ওমান, কাতার, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইতালী, মরিশাসসহ বিভিন্ন দেশে গেছেন। বিদেশ গমনেচ্ছুদের জামানতবিহীন ঋণ এবং প্রত্যাবর্তনকারী বাংলাদেশিদের পুনর্বাসন ঋণ সহায়তা দেয়ার লক্ষ্যে ২০১১ সালের ২০ এপ্রিল প্রবাসী কল্যাণ ব্যাংক যাত্রা শুরু করলেও ব্যাংকিং কার্যক্রম শুরু করতে বেশ সময় লেগে যায়। সে বছরের ডিসেম্বর মাসে ব্যাংকটি পুরোদমে ব্যাংকিং কার্যক্রম শুরু করে । মাত্র ৯ শতাংশ সুদহারে বিদেশ গমনেচ্ছু শ্রমিকরা প্রবাসী কল্যণ ব্যাংক থেকে ঋণ পাচ্ছেন।
এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশে যেতে একজন শ্রমিক ৮৪ হাজার এবং ইউরোপসহ বিশ্বের অন্যান্য মহাদেশের যে কোন দেশে যেতে এক লাখ ১০ হাজার টাকা করে ঋণ সহায়তা পাচ্ছেন। ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানায়, ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে শাখা স্থাপনসহ কুমিল্লা ও টাঙ্গাইল জেলায় শাখা খোলা হয়েছে। ফরিদপুর, মুন্সীগঞ্জ, নোয়াখালী ও গোপালগঞ্জে শিগগিরই শাখা খোলা হবে।