সিটিকে উড়িয়ে দিল সাউদাম্পটন!
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৯
ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির শিরোপা ধরে রাখার মিশন আরো কঠিন করে তুললো সাউদাম্পটন। গত শনিবার রবার্তো মানচিনির দল হেরে গেছে দুর্বল দল সাউদাম্পটনের বিপক্ষে। স্বাগতিকরা বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে দেয় ৩-১ গোলে।
সিটির ম্যানেজার মানচিনি এখন অনেকটাই হাল ছেড়ে দিয়েছেন। ইএসপিএনকে তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের আর দশ শতাংশ সম্ভাবনা রয়েছে। আমি মনে করি না যে ১২ পয়েন্ট পেছনে থেকে এটা সম্ভব। এটা আসলেই কঠিন।’
বাজে একটি রাত গেল সিটির। গ্যারাথ ব্যারে আত্মঘাতী গোল করেন। সিটির গোলরক্ষক জো হার্ট ছিলেন না ছন্দে। অ্যালেক্স ফার্গুসনের দল ম্যানচেস্টার ইউনাইটেড গতকাল রবিবার রাতে যদি এভারটনের বিপক্ষে জয় তুলে নেয় তাহলে বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে যাবে। এদিকে চলতি মৌসুমে আর ১২টি ম্যাচ বাকি রয়েছে। সাউদাম্পটন পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে রয়েছে। কোচ মউরিসিও পোচেত্তিনোর এটি প্রথম জয়।
অপ্রতিরোধ্য গ্যারাথ বেলের জোড়া গোলে স্বাগতিক টটেনহ্যাম ২-১ গোলে হারায় নিউক্যাসলকে। অন্যদিকে চেলসি ও আর্সেনালও জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা ধরে রাখার লড়াইটা জমিয়ে তুলেছে। ওয়েলসের মিডফিল্ডার বেল জাতীয় দল ও ক্লাবের হয়ে চার ম্যাচে পাঁচ গোল করলেন।
চেলসি তিনেই অবস্থান করছে। কিন্তু এক পয়েন্ট কম নিয়ে পেছনে টটেনহ্যাম। টটেনহ্যাম থেকে সিটির পয়েন্ট পার্থক্য পাঁচ। চেলসি পয়েন্ট টেবিলের নিচের সারির তৃতীয়স্থানে থাকা উইগানকে হারায় ৪-১ গোলে। অন্যদিকে দশজনের আর্সেনাল ১-০ ব্যবধানে হারিয়ে দেয় সান্দারল্যান্ডকে। এজন্য কোচ আর্সেন ওয়েঙ্গারকে ধন্যবাদ দিতে হবে স্যান্তি ক্যাজোরলাকে। জয়সূচক গোলটি তিনিই করেছেন। সেই সাথে আর্সেনাল এভারটনকে টপকে উঠে গেছে পয়েন্ট টেবিলের পাঁচে। ক্যাজোরলার ৩৫ মিনিটে করা গোলটি এসেছিল জ্যাক উইলশেয়ার ও থিও ওয়ালকটের ছন্দে ।
সিটির ব্যারে ম্যাচের সপ্তম মিনিটে মাঝমাঠে বল হারিয়ে ফেলেন। সাউদাম্পটনের জেসন পানসিওন ঝড়োগতিতে প্রথম গোল করেন। ২২ মিনিটে স্টিভেন ডেভিস ব্যবধান নিয়ে যান ২-০ তে। মানচিনি আশা করেছিলেন গত মৌসুমের মত এই মৌসুমেও ইউনাইটেড থেকে তারা পিছিয়ে পড়লেও এগিয়ে ধরে ফেলবেন। কিন্তু তা হয়নি। হতাশ হয়েছেন ডাগ আউটে বসে থেকে। সিটিকে লড়তে হয়েছে কারণ ভিনসেন্ট কোম্পানি ছিলেন না দলে। সিটি ৩৯ মিনিটে এডিন জেকোর কাছ থেকে গোল পেয়ে যায়। কিন্তু ম্যাচের ৪৮ মিনিটে আত্মঘাতী গোল করেন ব্যারে। ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি সিটি।
চেলসি তারকা ফার্নান্দো তোরেসের পাসিংয়ে ২৩ মিনিটে গোল করেন রামিরেস। এডেন হ্যাজার্ড ব্যবধানে দ্বিগুণ করেন ৫৬ মিনিটে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও মার্কো মারিন গোল পেয়েছেন ৮৭ ও অতিরিক্ত সময়ে। উইগানের হয়ে একমাত্র গোলটি করেন শন ম্যালোনে। সোয়ানসি সিটির স্প্যানিশ ফুটবলার মিচুর জোড়া গোলে জয় এসেছে। কুইন্স পার্ক রেঞ্জার্সকে ৪-১ গোলে হারায় সোয়ানসি। মিচুর গোলসংখ্যা এখন ১৫টি। গোলদাতাদের তালিকায় তিনি তৃতীয়স্থানে রয়েছেন।
শনিবারের ফলাফল
টটেনহ্যাম ২ নিউ ক্যাসল ১
চেলসি ৪ উইগান ১
নরউইচ সিটি ০ ফুলহ্যাম ০
স্টোকসিটি ২ রিডিং ১
সান্দারল্যান্ড ০ আর্সেনাল ১
সোয়ানসি সিটি ৪ কুইন্স পার্ক রেঞ্জার্স ১
সাউদাম্পটন ৩ ম্যানসিটি ১