চিলি ওপেনের ফাইনালে নাদাল

সাত মাস খেলার মধ্যে না থাকলেও ফর্মে যে মরচে ধরেনি নাদালের সেটা ভালো ভাবেই বুঝিয়ে যাচ্ছেন তিনি। ইনজুরিতে সাত মাস মাঠের বাইরে থাকার পর বিশ্ব টেনিসের সাবেক এই শীর্ষ বাছাই পৌঁছে গেলেন চিলি ওপেনের ফাইনালে। সেমিফাইনালে গতকাল ফরাসী টেনিস খেলোয়াড় জেরেমি চার্ডিকে ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে পরাজিত করেন। আজ ফাইনালে তার প্রতিপক্ষ র্যাংকিংয়ে ৭৩ তম স্থানে থাকা আর্জেন্টাইন হুরাসিও জেবালস। জয়ের পর নাদাল বলেন, ‘আজকের ম্যাচে আমি ভালো খেলেছি। আগের থেকে আমার খেলার মান আরও ভালো হচ্ছে। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, ‘সাত মাস আগে আমি কেমন খেলতাম তার সাথে আজকের দিনের কোন তুলনা হয় না। অনেক দিন পর মাঠে ফিরেই ফাইনালের অংশ হতে পারার অনুভূতি তাই আমার জন্য অসাধারণ।’ ফাইনাল ম্যাচের ব্যাপারে এই স্প্যানিশ তারকা বলেন,‘ফাইনালে জয় পাওয়া আমার জন্য কঠিন হবে। হুরাসিও ভালো টেনিস খেলে। গোটা টুর্নামেন্টের মতো তাই ফাইনালেও আনন্দের সাথে খেলতে চাই। আশাকরি আমার শরীর ভালো থাকলে ট্রফি নিয়েই ফিরতে পারবো।’