কাঠালিয়ার দাসের বাড়ি বধ্যভূমিতে জেলা প্রশাসন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া দাসের বাড়ির গণকবর বধ্যভূমি পরিদর্শন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল রবিবার দাসের বাড়ির আরচালায় অনুষ্ঠিত হয়। আমুয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নারায়ণ কাঞ্জিলাল বাবুল ঠাকুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল বাশার মুহাম্মদ আমীর উদ্দিন, দৈনিক শতকণ্ঠের সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মঞ্জু। বক্তব্য রাখেন আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আখতার হোসেন নিজাম মীরবহর, সাবেক ইউপি চেয়ারম্যান ও আমুয়া ইউনিয়ন সভাপতি মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া ইসলাম মীরবহর, আওয়ামী লীগ নেতা মো. মনিরুজ্জামান মানিক প্রমুখ। পরে জেলা প্রশাসক গণকবরের বধ্যভূমি পরিদর্শন করেন। ১৭৭১ সালের ২৫ মে বুধবার পাক বাহিনী ও তাদের দোসররা হানা দিয়ে বাঁশবুনিয়া গ্রামের ৩০ জন, আমুয়ার ৮ ও ছোনাউটা গ্রামের ১ জনসহ ৩৯ জন মুক্তিকামী মানুষকে ধরে এনে নির্মমভাবে হত্যা করে।