ফুলগাজীতে পরীক্ষার্থী ও হল পরিদর্শক বহিষ্কার
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২২
ফেনীর ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সকালে এবারের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় নকলের দায়ে কারণে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার, একজন কক্ষ পরিদর্শক ও হল সুপারকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে শুক্রবার সকালে কেন্দ্র পরিদর্শনে যান ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন মৃধা। তিনি ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা পরিদর্শনে গিয়ে একটি কক্ষে একজন পরীক্ষার্থীকে নকল করতে দেখেন। এ সময় কক্ষ পরিদর্শক ও হল সুপার হিসাবে একই বিদ্যালয়ের শিক্ষক হোসনে আরা বেগম এবং জাহাঙ্গীর হোসেনকে দেখতে পান। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি কেন্দ্র সচিবকে অবহিত করেন এবং ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে কেন্দ্র সচিব ওই পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কক্ষ পরিদর্শক হোসনে আরা বেগম ও হল সুপার জাহাঙ্গীর হোসেনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন মৃধা ফুলগাজী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নকল করার দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার এবং একজন কক্ষ পরিদর্শক ও একজন হল সুপারকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন।