সিদ্ধিরগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ২ \ আটক ৪

সিদ্ধিরগঞ্জে বোমা বিস্ফোরণে মারাত্মকভাবে আহত হয়েছে ২ জন। শনিবার রাত ১২টায় সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পুলিশ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার ও ৪ জনকে গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা যায়, সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার হেলালের বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘরের টিনের চাল ও দরজা উড়ে যায় এবং বোমা তৈরির কারিগর সালাউদ্দিন (৩৫) ও হান্নান (৩৩) মারাত্মকভাবে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সালাউদ্দিন ও তার স্ত্রী বিউটি এবং হেলাল ও তার স্ত্রী পারভীনকে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১শ’ গ্রাম গান পাউডার, ২৫০টি কৌটা, পাথরের গুঁড়া, তারকাটা, কসটেপসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও ব্যাগ উদ্ধার করেছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, গ্রেফতারকৃতরা বোমা তৈরির কারিগর। এদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।