রাবি’র ছাত্রলীগ কর্মী ফারুক হত্যার বিচার শুরু হয়নি ৩ বছরেও
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
তিন বছরেও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রা.বি) শাখা ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলার বিচার শুরু হয়নি। চার্জশিট দাখিলের ৭ মাসেও আসামিরা গ্রেফতার হয়নি। ফলে ফারুক হত্যার বিচার নিয়ে সংশয় কাটেনি তার পরিবারের। এদিকে ফারুকের বোনকে চাকরির প্রতিশ্রুতি এখনো পূরণ করেনি রা.বি প্রশাসন। এদিকে ফারুক হত্যার তিনবছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার শাহ্ মখদুম (এসএম) হল শাখা ছাত্রলীগের আহ্বায়ক এস এম খলিল্লাহ মামুনের উদ্যোগে ক্যাম্পাসে শোক মিছিল ও বাদ আসর হলের মসজিদে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়।
রা.বির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সিট দখলের ঘটনায় ছাত্রশিবিরের ক্যাডাররা ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল এবং সংলগ্ন এলাকার বিভিন্ন মেসে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এ ঘটনায় পুলিশের সঙ্গে শিবিরের রাতভর সংঘর্ষ চলে। ওই রাতে শিবির ক্যাডাররা ছাত্রলীগ কর্মী ও গণিত বিভাগের মেধাবী শিক্ষার্থী ফারুক হোসেনকে নির্মমভাবে খুন করার পর লাশ সৈয়দ আমীর আলি হল সংলগ্ন মানহোলে ফেলে রাখে। এছাড়াও শিবির ক্যাডাররা ছাত্রলীগের চার নেতা-কর্মীর হাত ও পায়ের রগ কেটে দেয় ও অর্ধশত পুলিশকে পিটিয়ে জখম করে। ফারুক হত্যার ঘটনায় রা.বি ছাত্রলীগের তত্কালীন সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু ছাত্রশিবিরের ৩৫ নেতা-কর্মীর নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনের বিরুদ্ধে মতিহার থানায় হত্যা মামলা করেন। আড়াই বছর পর ২৮ জুলাই ২০১২ সালে মামলার তদন্ত কর্মকর্তা জিল্লুর রহমান আদালতে ১২৬৯ পৃষ্ঠার চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, রাজশাহী মহানগর আমির আতাউর রহমান, রা.বি ছাত্রশিবিরের তত্কালিন সভাপতি শামসুল আলম গোলাপ, সেক্রেটারী মোবারক হোসেন, নবাব আব্দুল লতিফ হল শাখার সভাপতি হাসমত আলী, শহীদ হবিবুর রহমান হল শাখার সভাপতি রাইজুল ইসলাম, শিবিরকর্মী রুহুল আমিন ও বাপ্পীসহ ১১০ জনকে অভিযুক্ত করা হয়।
মামলার বাদী মাজেদুল ইসলাম অপু বলেন, তিন বছরেও ফারুক হত্যার বিচার শুরু না হওয়া সত্যিই দুঃখজনক। ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু বলেন, অভিযুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।