দেশ রাজাকারমুক্ত করতে নতুন প্রজন্মকে আরেকটি যুদ্ধ করতে হবে
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিল জয়পুরহাটে ১৪ দলের সমাবেশে বলেছেন, ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। এখন মানবতাবিরোধীদের বিচার কাজ শুরু করেছি। দেশকে রাজাকারমুক্ত করতে নতুন প্রজন্মকে আরো একটি যুদ্ধ করতে হবে। শুক্রবার বিকালে জয়পুরহাটে আব্দুল আলিমসহ সকল যুদ্ধাপরাধীর দ্রুত বিচার কাজ সম্পন্ন করে ফাঁসি কার্যকরের দাবিতে আবুল কাশেম ময়দানে ১৪ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জলিল এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম দুদুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালেদ মাহমুদ চৌধুরী, জাসদ নেতা নাজমুল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির মাহমুদুল হাসান মানিক, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী। সন্ধ্যায় প্রধান অতিথি আব্দুল জলিল জয়পুরহাট প্রেসক্লাবে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার অনুদানের চেক প্রদান করেন।