সাভারে ৭১ তারুণ্য স্কয়ার গঠন
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৭
কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে সাভারের সব শ্রেণী পেশার মানুষ। গঠিত হয়েছে ৭১ এর তারুণ্য স্কয়ার। শনিবার বিকালে থানা বাসস্ট্যান্ডে মডার্ন প্লাজার সামনে দুপুরের পর থেকেই বিভিন্ন পাড়া মহল্লা থেকে মিছিল নিয়ে এ স্কয়ারে যোগ দিতে থাকে শত শত জনতা। এ সময় উপস্থিত হন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরাও। মুহূর্তেই স্কয়ারটি জনসমুদ্রে পরিণত হয়। সন্ধ্যায় এ জনসমাবেশে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ।
আন্দোলনে একাত্মতা প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সাভারের সকল মানুষ আজ জেগে উঠেছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় না হওয়া পর্যন্ত সাভারবাসী এ আন্দোলন চালিয়ে যাবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি আশরাফ উদ্দিন খান ইমু, টিআইবি সনাক সাভারের সভাপতি অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিন খান, আওয়ামী লীগ নেতা আলী হায়দার, হাজী আবদুল গনি, মুক্তিযোদ্ধা কমান্ডার আইনুদ্দিন, জাসদ নেত্রী লিপি আক্তার, কমিউনিস্ট পার্টির নেতা আজম খান বাবু, মহিলা পরিষদের পারভিন ইসলাম, সাংবাদিক গোবিন্দ আচার্য্য প্রমুখ।