বাংলাদেশিদের বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরের সবচেয়ে বড় প্রাপ্তি কী? এ প্রশ্নের উত্তর একেকজন একেকভাবে দিতে পারেন। তবে পরিসংখ্যানে একবার চোখ বুলালে মনে হবে, এই দ্বিতীয় আসরে এসে বিপিএল সত্যি সত্যি বাংলাদেশের একটি টুর্নামেন্ট হয়ে উঠেছে। পরিসংখ্যানের প্রতিটা ক্যাটাগরিতে এবার শাহরিয়ার নাফীস, সামসুর রহমান, এনামুল হক জুনিয়র, মোশাররফ রুবেলদের শ্রেষ্ঠত্ব। রায়ান ডোশেট, শিবনারায়ণ চন্দরপল, ব্রেন্ডন টেলর, জ্যাকব ওরাম, ব্র্যাড হজ, আজহার মেহমুদের মতো তারকারাও যে এই টুর্নামেন্টটিতেই অংশ নিচ্ছেন তা শুধু পরিসংখ্যান দেখলে বোঝা মুশকিল! গত বছর, প্রথম বিপিএলে একেবারেই বিদেশি খেলোয়াড়দের শ্রেষ্ঠত্ব ছিল। সেই শ্রেষ্ঠত্ব মূলত যাদের হাতে ছিল, সেই পাকিস্তানী ক্রিকেটাররা না আসায়; দুয়ারটা সবার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে। এমন না যে, পাকিস্তানী ক্রিকেটাররা না আসায় বাংলাদেশি খেলোয়াড়দের আর প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এরপরও ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন টি-টোয়েন্টি স্পেশালিস্ট ছিলেন বাংলাদেশিদের চ্যালেঞ্জার হয়ে। অন্তত এই লিগ পর্বের শেষ দিকে এসে দেখা যাচ্ছে; তাদের চ্যালেঞ্জ বাংলাদেশি ক্রিকেটাররা দারুণ টপকে গেছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে অথবা এবারের বিপিএলের সব ক্রিকেটার মিলিয়েই সেরা চমক বলতে হবে শাহরিয়ার নাফীসকে। মানসম্পন্ন ব্যাটসম্যান হিসেবে নাফীসের সামর্থ্য নিয়ে কখনোই প্রশ্ন নেই। কিন্তু দেশের প্রথম টি-টোয়েন্টির এই অধিনায়ক ছোট দৈর্ঘ্যে এর আগে কখনোই ভালো কোনো ইনিংস খেলেননি। কিন্তু এবার বিপিএলের এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিটি সেই নাফীসই করে ফেলেছেন! বিস্ময়কর সেই সেঞ্চুরি ছাড়াও ৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা নাফীস ৩৮৪ রান নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তিন জনই বাংলাদেশি— নাফীস, সামসুর রহমান ও নাসির হোসেন। আবার সর্বোচ্চ ইনিংসগুলোতে চোখ বুলালেও বাংলাদেশিদের দাপট দেখতে পাবেন। নাফীসের সেঞ্চুরিটা ছাড়া ৮টি আশি-উর্ধ্ব ইনিংস হয়েছে বিপিএলে। এর মধ্যে ৩টির মালিক তিন বাংলাদেশি—সামসুর রহমান (৯৮*), এনামুল হক বিজয় (৮৩) ও নাসির হোসেন (৮০)। এ ছাড়া এখন পর্যন্ত এই বিপিএলে সবচেয়ে বেশিবার পঞ্চাশ পার হওয়া ইনিংস খেলেছেন সামসুর রহমান। শাহরিয়ার নাফীস ও ব্রেন্ডন টেলর পঞ্চাশ পার করেছেন ৪ বার করে। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ, ১৫টি ছক্কা মেরেছেন সামসুর রহমান। এর মধ্যে এক ইনিংসেই মেরেছিলেন ৮টি ছক্কা। লু ভিনসেন্টও ৮টি ছক্কা মেরে ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে অংশীদার হয়ে আছেন। উইকেট শিকারের রেকর্ডেও একই অবস্থা। সর্বোচ্চ ১৫টি উইকেটের মালিক এনামুল হক জুনিয়রকেও একটু বিস্ময় বলে মানতে হচ্ছে। এনামকে মনে করা হয় বড় দৈর্ঘ্যের ম্যাচের বোলার। কিন্তু এখানেও ঠিক নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় ১৪ উইকেট নিয়ে দুই নম্বরেই আছেন আরেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এ ছাড়া তরুণ তুর্কি সোহাগ গাজী ও জাতীয় দলের অভিজ্ঞ মোশাররফ রুবেলও আছেন সেরাদের তালিকায়। রুবেল একটা জায়গায় আছেন সবার ওপরে। ৯ রানে ৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত ইনিংস সেরা বোলিং তার। ব্যাটিংয়ে আরেকটা কৃতিত্বের কথা মনে না করিয়ে দিলে চলছেই না—জুটির রেকর্ড। টুর্নামেন্টের প্রথম থেকে দশম পর্যন্ত প্রতিটি জুটির সর্বোচ্চ রানে কোনো না কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের নাম আছে! এরপর নিশ্চয়ই মানবেন যে, এটা বাংলাদেশিদের বিপিএল! পরিসংখ্যানে চলতি বিপিএল সর্বোচ্চ রান: শাহরিয়ার নাফীস (৩৮৪) সর্বোচ্চ ইনিংস: শাহরিয়ার নাফীস (১০২*) সর্বোচ্চ ফিফটি: সামসুর রহমান (৫) সর্বোচ্চ ছক্কা: সামসুর রহমান (১৫) এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা: সামসুর রহমান, লু ভিনসেন্ট (৮) সর্বোচ্চ উইকেট: এনামুল হক জুনিয়র (১৫) ইনিংস সেরা বোলিং: মোশাররফ রুবেল (৪/৯) সর্বোচ্চ ডিসমিসাল: মুশফিকুর রহিম (১২) ইনিংসে সর্বোচ্চ ডিসমিসাল: মুশফিক, বিজয়, টেলর (৪)