বার্সেলোনা ইভেন্টে থাকতে
পারে আল জাজিরা
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০১
আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচটি ঢাকা থেকে আর্ন্তজাতিক কোনো স্যাটেলাইট চ্যানেল সম্প্রচার না করায় সেভাবে প্রচারের আলোয় আসতে পারেনি। এবার বার্সেলোনা ঢাকায় এলেও সে সমস্যা হবে বলে মনে হচ্ছে না। কারণ, টেলিভিশন স্বত্ব বিক্রি করার ব্যাপারে মধ্যপ্রাচ্যের খ্যাতিমান চ্যানেল আল জাজিরার সঙ্গে বেশ খানিকটা আলাপ এগিয়ে এসেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তেমনটাই কাল দাবি করলেন তিনি।
দোহা থেকে স্পেন বনাম উরুগুয়ের ফিফা প্রীতি ম্যাচটি সম্প্রচার করেছে আল জাজিরা। এ ম্যাচটি দেখতে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি। সেখানে টিভি স্বত্ব নিয়ে আলোচনা হয়েছে আল জাজিরার সঙ্গে। বার্সেলোনা ঢাকায় আসলে সে খেলাটি সরাসরি সম্প্রচার করার জন্য বাফুফে সভাপতি টেলিভিশনটিকে প্রস্তাব দিয়েছেন। ওই টেলিভিশনের কর্মকর্তারা সিদ্ধান্ত জানাতে সময় নিয়েছেন আট-দশ দিন।
বাফুফে সভাপতি গতকাল জানিয়েছেন খেলাটি সম্প্রচার করলে টিভি রাইটস থেকে যে অর্থ পাওয়া যাবে তা দিয়ে বার্সেলোনাকে বাংলাদেশে আনার ব্যয় অনেকটা কমে যাবে। বার্সেলোনা ঢাকায় আসলে শুধু তাদের পেছনেই প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হওয়ার কথা।
বাফুফে সভাপতির এ কাতার সফরে টেলিভিশন স্বত্ব ছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা হয়েছে কাতার ফুটবল ফেডারেশনের সঙ্গে। কাতারের প্রিন্সের সাথে সালাহউদ্দিনের বৈঠক হয়েছে। তারা প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশের ফুটবল উন্নয়নের জন্য সহযোগিতা করবেন। সেখানকার নীতি-নির্ধারকরা বাংলাদেশে এসে সিলেটের একাডেমী দেখে পরবর্তী উদ্যোগ নেবেন। বাফুফে সভাপতিকে একটা রোডম্যাপ তৈরি করতে বলেছে কাতার ফেডারেশন। তাদের একাডেমীর নীতি-নির্ধারকরা বাংলাদেশে আসবেন। সিলেটে ফুটবল একাডেমী দেখে প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী পাঠানোর ব্যবস্থা করবেন।