প্রিমিয়ার ব্যাংক ফুটবল লিগ শুরু আজ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০২
পেশাদার ফুটবল লিগের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ মাঠে গড়াবে আজ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল চারটায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ফরাশগঞ্জ ও চট্টগ্রাম আবাহনী। অন্য খেলাগুলো আগামীকাল থেকে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এবারও লিগের দ্বিতীয় আসরের পৃষ্ঠপোষকতা করছে প্রিমিয়ার ব্যাংক। তারা আগের চেয়ে অর্থ বাড়িয়ে এবার দিচ্ছে ২০ লাখ টাকা। পুরো অর্থই লিগের অংশগ্রহণকারী আট দলকে তুলে দেবে বাফুফে। গতকাল দুপুরে বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আবদুর রহীম, বাফুফের সহসভাপতি আরিফ খান জয়, লিগ কমিটির সদস্য হাসানুজ্জামান বাবলু, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কেএম মাজেদুর রহমান, ব্যাংকের কর্মকর্তা রিয়াজ ফেরদৌস। পেশাদার লিগের আদলে খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। ঢাকার বাইরের দল রয়েছে চট্টগ্রাম আবাহনী। তাদের হোম ম্যাচ হবে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের চ্যাম্পিয়ন দল খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, পেশাদার ফুটবলে। রেলিগেশন হবে দু’টি দল। আট দল হচ্ছে ফরাশগঞ্জ, রহমতগঞ্জ, ওয়ারী ক্লাব, উত্তর বারীধারা ক্লাব, সিলেটের বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবের নাম পরিবর্তন করে খেলবে ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, অগ্রণী ব্যাংক স্পোর্টস ক্লাব এবং চট্টগ্রাম আবাহনী। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কেএম মাজেদুর রহমান বলেছেন, আমরা গর্বিত দ্বিতীয়বারের মতো পৃষ্ঠপোষকতা করার সুযোগ পেয়েছি। ভবিষ্যতেও থাকব আশা করছি।’ আব্দুস সালাম মুর্শেদী বলেন, আর কোনো দল নেয়া হবে না লিগে। কোনো দল খেলতে চাইলে তার সাংগঠনিক দক্ষতা, আর্থিক অবস্থান দেখাতে হবে। তিনি বলেন, ব্যতিক্রম কিছু থাকলে সেটা বিবেচনা করা হবে।’