ফেনীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

জেলার ছাগলনাইয়া উপজেলার পুরাতন মুহুরীগঞ্জ বাজারে গতকাল রবিবার বিকালে যুবদল কর্মী মিজানুর রহমান মিন্টুকে (৩২) প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। গোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের আবুল হাশেমের ছেলে মিজানুর রহমান মিন্টুর সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগের কর্মীদের বিরোধ চলছিল। গতকাল বিকাল সাড়ে ৩টায় মিন্টু পুরাতন মুহুরীগঞ্জ বাজারের একটি স’মিলে গাছ কাটার জন্য আসলে আওয়ামী লীগের সেলিম বাঙ্গালী, মনজুর আলম, আরিফ ও বাদশার নেতৃত্বে সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে মিন্টু গুরুতর আহত হয়। তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। গুলিতে নজরুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।