রংপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
রংপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল রবিবার প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। দুপুর থেকে নগরীর ছালেক পাম্প সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে তারা। এ সময় সড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে দুপুর সাড়ে ৩টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের ভাগ্নে আশরাফুল ইসলাম দলবল নিয়ে ছালেক পাম্প সংলগ্ন স্ট্যান্ডে আসেন। এ সময় তারা কার, মাইক্রো, পিকআপ ও জিপ চালকদের কাছ থেকে দৈনিক ৫০ টাকা হারে চাঁদা দাবি করে হুমকি দেন। পরে কার, মাইক্রো, পিকআপ ও জিপ চালকরা এর প্রতিবাদে দুপুর ১২টায় নগরীর ছালেক পাম্প সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। ৩টায় পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ কর্মসূচি তুলে নেয়া হয়।