বসন্ত বরণ উত্সব
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৫
এবার এবার আরটিভি আয়োজন করেছে ‘বসন্ত বরণ উত্সব-১৪১৯’। আগামীকাল পহেলা ফাল্গুন। সকাল ৯টা থেকে আরটিভির বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল। আরও উপস্থিত থাকবেন আরটিভির কর্তৃপক্ষ। সকাল ৯টায় ঢাকের বাদ্য, ফাগুনের গান ও নাচের মধ্য দিয়ে উদ্বোধন হবে অনুষ্ঠানটি। অন্যান্য পরিবেশনার মধ্যে থাকবে রবীন্দ্রসংগীত, ফাতেমা তুজ জোহরার পরিবেশনায় নজরুল গীতি ও রবিশংকর মৈত্রীর আবৃত্তি। সকালের আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে ‘তারকালাপ’-এর বিশেষ পর্ব সঙ্গে থাকবে গান, স্মৃতিচারণ এবং তারকাদের নিয়ে বিভিন্ন কুইজ। কুইজ বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। আরও রয়েছে কুদ্দুস বয়াতী এবং তার দলের পরিবেশনায় লোকগীতি। সান্ধ্যকালীন পরিবেশনায় থাকবে দেশীয় স্বনামধন্য চারটি ফ্যাশন হাউজের মনোমুগ্ধকর ফাগুনের বিভিন্ন পোশাকের ক্যাটওয়াক।