অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার ফেরায় দলে উত্সাহ সৃষ্টি হয়েছে, উত্তেজনা নয়। তবে নেতৃত্ব হারানোর পর এ জুটিকে ‘নম্রতার বিকাশ’ ঘটানো শিখতে হবে বলে উল্লেখ করেন কোচ। বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে এক বছরের নিষিদ্ধাদেশ শেষ হওয়ার পর গত মাসে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে নির্বাচিত হন সাবেক অধিনায়ক স্মিথ ও সহ-অধিনায়ক ওয়ার্নার। তবে তাদেরকে এখন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও একটি নতুন নেতৃত্ব বলয়ের অধীনে খেলতে হবে। সম্পর্ক স্বাভাবিক বা সহজতর করতে গত মাসে দুবাইয়ে দলের সঙ্গে সাক্ষাতের পর এ জুটি গতকালই ব্রিসবেনে সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেন। ল্যাঙ্গার বলেন, ‘এ দুইজন ফেরায় আমরা অত্যন্ত উত্ফুল্ল। স্টিভ ও ডেভিডের সামনে এখন আরো বিনয়ী হয়ে ওঠার দারুণ সুযোগ।’