শেয়ারবাজারের চার মাসে সর্বোচ্চ লেনদেন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২০
ব্যাংক ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর প্রভাবে আগের দিনের ধারাবাহিকতায় গতকালও শেয়ার বাজারের লেনদেন বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন হয়েছে ৪৩৮ কোটি টাকা। যা প্রায় ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১৬ অক্টোবর ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি টাকা। এদিকে গতকাল আরএকে সিরামিক ও গ্রামীণফোনের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭১ পয়েন্ট আর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৩৮ কোটি ৩ লাখ ২৫ হাজার ৪০৮ টাকা। যা আগের দিনের চেয়ে ১৯ কোটি ৫২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের। এদিন হাত বদল হয়েছে ২৭৬টি কোম্পানির ১১ কোটি ৩০ লাখ ৪২ হাজার ৮৫৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই-৩০ মূল্যসূচক ৬৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৬০৬ টাকা। লেনদেনকৃত ১৯৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ারের দাম।
এদিকে ৩১ ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থ বছরের জন্য আরএকে সিরামিক শেয়ারধারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার। ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৪ ফেব্রুয়ারি। কোম্পানিটি জানিয়েছে, সমাপ্ত বছরে এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৬০ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় ২ টাকা, শেয়ারপ্রতি নেট এসেট ভ্যালু (এনএভি) ১৯ দশমিক ৯৪ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২ দশমিক ৩৪ টাকা।
ডিসেম্বর ২০১২ সমাপ্ত অর্থ বছরের জন্য গ্রামীণফোন শেয়ার হোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। ২০১২ সালের অন্তর্বর্তীকালীন ঘোষণা অনুযায়ী ৯০ শতাংশ নগদ লভ্যাংশসহ সমাপ্ত বছরে এ কোম্পানির ঘোষিত ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়ায় মোট ১৪০ শতাংশ। এর মধ্যে ৯০ শতাংশ অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ইতিমধ্যে বিনিয়োগকারীরা পেয়েছেন। নতুন ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২০ ফেব্রুয়ারি। সমাপ্ত বছরে এ কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১ হাজার ৭৫০ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় ১২ দশমিক ৯৬ টাকা, শেয়ারপ্রতি নেট এসেট ভ্যালু (এনএভি) ২৬ দশমিক ২৬ টাকা এবং শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২২ দশমিক ২৩ টাকা।