দক্ষিণ সুদানে সেনা-বিদ্রোহী সংঘর্ষে শতাধিক নিহত
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৪
দক্ষিণ সুদানে বিদ্রোহী সশস্ত্র উপজাতি যোদ্ধা এবং সামরিক বাহিনীর সংঘর্ষে নারী ও শিশুসহ মোট ১০৩ জন নিহত হয়েছে। গত শুক্রবার জংলেই অঙ্গরাজ্যে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এ অঙ্গরাজ্যটির গভর্নর কুয়ল মায়াং জুক রবিবার বলেন, গত শুক্রবার আকুবো কাউন্টিতে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় ১০৩ জন নিহত হয়। এর মধ্যে ১৭ জন হামলাকারী ও ১৪ জন সেনা নিহত হয়। হামলার ফলে হাজার হাজার পরিবার এখনো নিখোঁজ রয়েছে। অনেক বছর ধরেই উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যে ব্যাপক আকারে সহিংসতার ঘটনা ঘটে চলছে। ২০১১ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত এ অঞ্চলে সহিংসতার মত ঘটনায় ২,৬০০ এর বেশি লোকজন নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আকুবো কাউন্টি কমিশনার বলেন, সংঘর্ষের সময় বিদ্রোহীরা রকেটচালিত গ্রেনেড ও বর্শা নিক্ষেপ করে বলে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শী মানুষগুলো আমাদের জানিয়েছে। ডেভিড ইয়াও ইয়াও পরিচালিত বিদ্রোহী দল এসপিএলএ ঘটনাটি ঘটিয়েছে বলে জানান তিনি। ২০১০ সালের এপ্রিলে দেশটির সাধারণ নির্বাচনে সংসদ আসন পেতে ব্যর্থ হলে একটি বিদ্রোহী দল গঠন করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী মুরলি এবং দক্ষিণ সুদান সেনাবাহিনীর সাবেক এই সেনা সদস্য। এদিকে বিমান ধ্বংসকারী অস্ত্রসহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়ে সহায়তা করার জন্য দেশটি বরাবরই সুদানের প্রতি অভিযোগ করে আসছে। কিন্তু খার্তুম এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আকুবোতে এ হামলার ঘটনায় আহতের সাহায্যার্থে চিকিত্সক দল পাঠিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি। চিকিত্সকরা জানিয়েছে, জরুরিভিত্তিতে এ এলাকায় মানবিক সাহায্যের প্রয়োজন। হামলাটি সংঘটিত হওয়ার সময় তিন হাজারের মত গ্রামের মানুষ তাদের গবাদিপশু চড়াচ্ছিল। এ সময় গবাদিপশুসহ অনেক নারী ও শিশু নিহত হয়।