যুক্তরাজ্য না ভাঙ্গার মিনতি ক্যামেরনের

যুক্তরাজ্য ভেঙে বের হয়ে না যাওয়ার জন্য স্কটল্যান্ডবাসীর প্রতি মিনতি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রোববার স্কটল্যান্ডের সংবাদপত্রগুলোতে প্রকাশিত এক নিবন্ধে এই মনোভাব প্রকাশ করেন তিনি। এতে তিনি বলেন, “একটু ভাবুন: ব্রিটেন কার্যকর আছে। ব্রিটেন ভালোভাবে কার্যকর আছে। কেন এটিকে ভাঙবেন?” নিবন্ধে প্রথমবারের মতো ক্যামেরন স্বীকার করেন, স্বাধীন হওয়ার সব যোগ্যতাই স্কটল্যান্ডের আছে। কিন্তু বর্তমানে স্কটল্যান্ড “দুই জগতেরই সেরাটা” উপভোগ করছে বলে দাবী করে তিনি যুক্তরাজ্য না ভাঙার জন্য স্কটিশদের প্রতি মিনতি জানান। স্বাধীনতার প্রশ্নে আগামী বছর স্কটল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। ‘ইয়েস স্কটল্যান্ড’ বলে একটি আন্দোলন এ বিষয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ২০১৬ সালের মধ্যে তারা তাদের উদ্দেশ্যর বাস্তব রূপ দিতে চায়। গণভোটে স্বাধীন স্কটল্যান্ডের পক্ষে রায় গেলে যুক্তরাজ্য ভেঙে বেরিয়ে গিয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে স্কটল্যান্ড। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে যুক্তরাজ্য ইউনিয়ন গঠিত। ৩শ’ ৬ বছর আগে গঠিত এই ইউনিয়ন না ভাঙার জন্য আকুল আবেদন জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা একত্রে ভাল আছি, বিচ্ছিন্ন হলে দরিদ্র হয়ে পড়ব।” বিশ্লেষকরা বলেছেন, স্কটল্যান্ড স্বাধীন হলে আন্তর্জাতিক শক্তি হিসেবে ব্রিটেন দুর্বল হয়ে পড়বে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এর গ্রহণযোগ্যতা হ্রাস পাবে এবং ইউরোপীয় ইউনিয়নের অবস্থান দুর্বল হয়ে যাবে।