জারদারির বিরুদ্ধে আর কোন মামলা নেই
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
পাকিস্তানের আইনমন্ত্রী ফারুক নায়েক জানিয়েছেন, আসিফ আলি জারদারির বিরুদ্ধে এখন কার্যত আর কোন মামলা নেই। গত রবিবার ডন পত্রিকাকে তিনি জানান, পাকিস্তান পিপলস পার্টি মনে করে সু্্ইস কর্তৃপক্ষের জারদারির বিরুদ্ধে মামলা করতে অস্বীকৃতি জানানোর পর তার বিরুদ্ধে এখন আর কোন মামলা ঝুলে নেই। জারদারির বিরুদ্ধে ৩টি মামলা চলছিল যার কোনটিতেই তিনি প্রধান আসামি নন, একজন সুবিধাভোগী। মামলাগুলোতে প্রধান আসামি ছিলেন ইলিয়াস সিদ্দিকি। এ ব্যাপারে আইনমন্ত্রী লাহোর হাইকোর্টের একটি মামলার উদ্ধৃতি দেন যাতে বলা হয়েছে প্রধান আসামিকে মুক্তি দেয়া হলে সুবিধাভোগীর বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার প্রশ্ন ওঠে না।