বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সংলাপের আহ্বান খতিবের

সিরিয়ার বিরোধী দলীয় নেতা মোয়াজ আল খতিব উত্তরাঞ্চলে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আসাদ সরকারের প্রতিনিধিদের সাথে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন। সংঘাত বন্ধের জন্য তার এই পদক্ষেপ। ফেসবুকের পাতায় তিনি বলেন, সংলাপের লক্ষ্য কম রক্তক্ষয় ও কম ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আসাদকে ক্ষমতা থেকে সরানো। গত রবিবার খতিব কায়রোতে জাতিসংঘের শান্তিদূত লাখদার ব্রাহিমির সাথে সাক্ষাত্ করেন। ব্রাহিমি তাকে সরকারের সাথে আলোচনা চালিয়ে যেতে বলেন। গত সপ্তাহে তিনি রাশিয়া ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে খতিবের বৈঠকের ব্যাবস্থা করেন। খতিবের ন্যাশনাল কোয়ালিশনের অন্যতম শরিক মুসলিম ব্রাদারহুড সরকারের সাথে আলোচনার বিরুদ্ধে। কিন্তু তারা সরাসরি খতিবকে চ্যালেঞ্জ করছে না। কারণ তার আলোচনার উদ্যোগের প্রতি জনসমর্থন বাড়ছে। সরকার সরাসরি আলোচনার উদ্যোগের প্রতি সাড়া দেয়নি তবে গত শুক্রবার সিরিয়ার তথ্যমন্ত্রী পুনরায় বলেন, দামেস্কে আসাদের জাতীয় সংলাপে অংশ নিতে সবাইকে স্বাগত জানানো হচ্ছে।