হলমার্কের জেসমিনের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৭
হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন কেন বাতিল করা হবে না এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসক, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক, সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, জেসমিন ইসলাম এবং দুর্নীতি দমন কমিশনকে (দুদক) রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে ১১টি মামলায় নিম্ন আদালতের দেয়া জামিন সংক্রান্ত নথিও তলব করা হয়েছে। এ সংক্রান্ত আবেদনের শুনানি শেষে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এছাড়া জেসমিন ইসলাম যাতে দেশত্যাগ করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। গত ৭ ফেব্রুয়ারি জেসমিন ইসলামকে ১১ মামলায় জামিন দেয় নিম্ন আদালত। এই জামিন দেয়া আইনসম্মত হয়নি মর্মে তা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন নাজিম আহমেদ।