বিচারিক কার্যধারা সম্পর্কে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আদালত অবমাননা নয়
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৭
সরকারি চাকরিতে না থাকলে আদালত অবমাননার দায় বহন করতে হবে না। অপরদিকে বিচারিক কার্যধারা সম্পর্কে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননায় অভিযুক্ত করা যাবে না।
গতকাল সোমবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এমন বিধান রেখে আদালত অবমাননা বিল দেড় বছর পর চূড়ান্ত করে তা পাসের সুপারিশ করেছে। জাতীয় সংসদে বিলের রিপোর্ট উত্থাপন করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। স্পিকার মো. আবদুল হামিদ অ্যাডভোকেট পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করেন।
প্রস্তাবিত বিলের রিপোর্টে বলা হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আদালত অবমাননার দায়ে কোনো ব্যক্তিকে শুরুতেই কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হওয়ার পর চাকরি থেকে অপসারিত, অবসর গ্রহণ করলে তাকে অবমাননার দায় থেকে অব্যাহতি দেয়া হবে। তার জায়গায় অন্য কোনো ব্যক্তি চাকরিতে এলে তার বিরুদ্ধেও মামলা রুজু করা যাবে না।
বিলে আদালত অবমাননার শাস্তির ব্যাপারে বলা হয়েছে, কোন ব্যক্তি দোষী সাব্যস্ত হলে তিনি অনূর্ধ্ব ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক দুই হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এতে আরও বলা হয়েছে, দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পাওয়ার পর কোন ব্যক্তি নিঃশর্ত ক্ষমা চাইলে আদালত সন্তুষ্ট হয়ে দণ্ড মওকুফ বা কমাতে পারবেন। উল্লেখ্য, ২০১১ সালের ১৪ জুন বিলটি সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।