জুনের মধ্যে জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং বোর্ড আইন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৯
আগামী জুন মাসের মধ্যে জাহাজ ভাঙ্গা ও জাহাজ রিসাইক্লিং বোর্ড আইন পাস হবে। ইতিমধ্যে আইনের খসড়া তৈরি করে এর ওপর সংশ্লিষ্টদের মতামত নেয়া হচ্ছে। এ আইন পাস করে দেশে দ্রুত শিপ ব্রেকিং অ্যান্ড শিপ রিসাইক্লিং বোর্ড গঠন করা হবে। ফলে দেশে জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং শিল্প গড়ে তোলার লক্ষ্য অর্জন সম্ভব হবে। বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত রাঙ্গনে বিরতে লুন্ড-এর সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া একথা বলেন। গতকাল শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্সহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশে নরওয়েজিয়ান দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশে জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং শিল্পের প্রসারে নরওয়েজিয়ান ডেভেলপেমন্ট এজেন্সি (নোরাড) এর কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে নরওয়ের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশে নিরাপদ ও পরিবেশসম্মত জাহাজ রিসাইকিং শিল্পের উন্নয়নে ইতিমধ্যে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) সহযোগিতায় নোরাড একটি প্রকল্প প্রস্তাব প্রণয়ন করেছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে, বাংলাদেশে দ্রুত পরিবেশবান্ধব জাহাজ ভাঙ্গা ও রিসাইক্লিং শিল্পের প্রসার ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিল্পমন্ত্রী বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন এবং জাহাজ ভাঙ্গা শিল্পের সাথে জড়িত শ্রমিকদের প্রশিক্ষণের জন্য নরওয়ের সহায়তা কামনা করেন।