উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
মরিনহোই চাপে থাকবে : -ফার্গুসন
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
স্পোর্টস ডেস্ক
দু’জনই যখন ইংলিশ লিগে ছিলেন; তখন হোসে মরিনহো আর অ্যালেক্স ফার্গুসনের কথার লড়াই ছিল নিয়মিত বিনোদনের ব্যাপার। অবশেষে আবার সেই লড়াই শুরু হল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে। লড়াইটা শুরু করলেন ফার্গুসনই। সামনের এই ম্যাচ নিয়ে তিনি বলে দিলেন, চ্যাম্পিয়ন লিগ জয়ের জন্য রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোই বেশি চাপে থাকবেন। চ্যাম্পিয়ন লিগের নক আউট পর্বের ম্যাচে আগামী ১৩ তারিখে রিয়ালের মাঠে তাদের মুখোমুখি হচ্ছে ম্যান ইউ।
লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে রিয়াল এই মুহূর্তে পিছিয়ে আছে ১৩ পয়েন্ট। তাই লিগ জেতার আশা তাদের আর কার্যত নেই বললেই চলে। মরিনহো স্বীকার করতে বাধ্য হয়েছেন এ মৌসুমে আর চির প্রতিদ্বন্দ্বীদের ধরা হচ্ছে না তাদের। অন্যদিকে ম্যানই্্্্্্্্্্্্্্্্্্উ লিগ শিরোপার লড়াইয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেষ্টার সিটির চেয়ে এগিয়ে আছে পরিষ্কার ব্যবধানে। ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যানইউর সঙ্গে ম্যান সিটির পয়েন্টের ব্যবধান ১২।
ফার্গুসন মনে করছেন তারা যেখানে অন্তত একটি শিরোপার ব্যাপারে নিশ্চিত সেখানে মরিনহোর সামনে রয়েছে কেবল চ্যাম্পিয়ন্স লিগ। তাই স্বাভাবিকভাবেই এটি জেতার জন্য মরিনহো বেশি চাপে থাকবেন। চ্যাম্পি য়ন্স লিগের শেষ ষোলোতে রিয়ালের মাঠে তাদের মুখোমুখি হওয়ার আগে তাই স্যার অ্যালেক্স সাংবাদিকদের বলেছেন, ‘এ মৌসুমে তাদের (রিয়াল মাদ্রিদ) লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয় করা। লিগে তাদের শুরুটা ভাল হয়নি। পুরো মৌসুম ধরে তাদের নিজেদের নিয়েই ভাবতে হয়েছে কারণ বার্সেলোনার পারফরম্যান্স ছিল অসাধারণ। তাই আমার কোন সন্দেহ নেই এ মৌসুমে হোসের (মরিনহো) এখন একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়।’ এবারের চ্যাম্পিয়ন্স লিগ জিতলে মরিনহো ইতিহাসের প্রথম কোচ হিসেবে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন লিগ জয়ের রেকর্ড করবেন। রেড ডেভিল ম্যানেজার মনে করছেন মরিনহোকে চাপে ফেলবে এ ব্যাপারটাও, ‘আমার মনে হয় ইউরোপিয়ান কাপ জেতাটা তার কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। এক্ষেত্রে তার অর্জনও বিশাল। দারুণ সব খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত একটা দলও আছে তার। তাই তার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইচ্ছা মোটেও গোপন কিছু নয়।’