আজ শুরু শেষ ষোলোর লড়াই
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৬
আজ থেকে মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই। নিজেদের মাঠে ভ্যালেন্সিয়া আতিথেয়তা দেবে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)। অন্যদিকে জুভেন্টাস স্কটিশ ক্লাব সেল্টিকের মাঠে তাদের মুখোমুখি হবে।
নতুন মালিকানার অধীনে এ মৌসুমে দেদার টাকা খরচ করতে থাকা পিএসজি নিজেদের সর্বশেষ ১৩ ম্যাচে হারেনি একটিতেও— জয় পেয়েছে ১২টি খেলায়। লিগ ওয়ানেও তাদের শীর্ষস্থান সুসংহতই। তবে ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তালায় আজ তাদের লড়াইটা মোটেও সহজ হবে না। এক্ষেত্রে তাদের বড় প্রতিপক্ষ হয়তো ইতিহাসই। কারণ ফরাসি কোনো ক্লাবের বিরুদ্ধে নিজেদের মাঠে সর্বশেষ আটটি ম্যাচেই জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। গ্রুপ পর্বে ফরাসি ক্লাব লিলেকে দুবার হারিয়ে ফরাসি ক্লাবগুলোর বিরুদ্ধে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডকে তারা টেনে নিয়ে গেছে ১৭ ম্যাচে।
এ লড়াইয়ে ফরাসি ক্লাবটির জন্য সবচেয়ে বড় ভরসা হতে পারেন স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে চ্যাম্পিয়নস লিগের নক-আউট পর্বে ইব্রার রেকর্ড মোটেই কথা বলছে না তার হয়ে। ২৭টি ম্যাচে মাঠে নেমে করতে পেরেছেন মাত্র চারটি গোল। অন্যদিকে ভ্যালেন্সিয়া স্ট্রাইকার রবার্তো সোলদাদোর ব্যাপারটা ঠিক উল্টো। চ্যাম্পিয়ন লিগে নিজের সর্বশেষ ১৪ ম্যাচে ১৪ বার বল পাঠিয়েছেন জালে। সুতরাং বোঝাই যাচ্ছে, কঠিন এক লড়াই অপেক্ষা করছে পিএসজির জন্য।
দিনের অপর ম্যাচে সেল্টিক তাদের মাঠে আতিথেয়তা দেবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে। শক্তিমত্তার বিচারে ‘ওল্ড লেডি’দের চেয়ে অনেকটা পিছিয়ে থাকলেও তাদের মুখোমুখি হতে মোটেই ভীত নয় ২০০৮ সালের পরে প্রথম বারের মতো নক-আউট পর্বে খেলতে আসা ক্লাবটি। গ্রুপ পর্বে এই সেল্টিক পার্কেই বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে তারা প্রমাণ করেছে যোগ্য দল হিসেবেই শেষ ষোলোতে এসেছে তারা। সুতরাং ষাট হাজার দর্শকের সামনে সেল্টিক পার্কে দারুণ এক ম্যাচ আশা করাই যায়।