প্রতিবন্ধী স্ত্রী-সন্তানকে নিয়ে ভিক্ষা করছে ভ্যান চালক
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৯
জীবিকার তাগিদে প্রতিবন্ধী স্ত্রী-সন্তানের পায়ে শিকল বেঁধেছেন দিনাজপুরের নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আবুল বাশার।
প্রতিবন্ধী হাসমত বেগমকে বিয়ের পর তাদের ঘরে রোজিনা ও রাশেদুল নামের দুই সন্তান জন্ম নেয়। কিন্তু জন্ম নেয়া দুই সন্তানও মায়ের মতোই প্রতিবন্ধী হওয়ায় প্রতিবন্ধী স্ত্রী-সন্তানদের নিয়ে বিপাকে পড়েন আবুল বাশার। ইতিমধ্যেই বড় ছেলে রাশেদুল (১৬) গত তিন মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি এখনও। এ কারণে স্ত্রী ও কন্যা রোজিনাকে ছেড়ে বাইরে কাজ করতে গেলেই অজানা আতঙ্ক কাজ করে বলেই এখন তাদেরকে রিকশা-ভ্যানে তাদের হাত-পায়ে শিকল বেঁধে গ্রামে গ্রামে ভিক্ষে করে যা আয় হচ্ছে তাই দিয়ে কোন মতে চলে যাচ্ছে তার সংসার।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকুনুজ্জামান মন্ডল বলেন, উপজেলার অনেক প্রতিবন্ধীকেই ভাতা দেয়া হচ্ছে। তবে ঐ পরিবারকে ভাতা দেয়া হচ্ছে কী না তা এই মুহূর্তে তার জানা নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব বলেন, ঐ আশ্রয়ণ প্রকল্পে প্রতিবন্ধী পরিবার রয়েছে কিংবা প্রতিবন্ধী স্ত্রী-সন্তানের হাত-পায়ে শিকল দিয়ে ভিক্ষে করা হচ্ছে এমন তথ্য তার জানা নেই। তবে ওসিকে দিয়ে বিষয়টির খোঁজখবর নেয়া হবে।