বিভিন্ন স্থানে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫১
রবিবার দেশের বিভিন্ন স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ছাত্র-ছাত্রীরাই প্রার্থী হয় এবং ভোট দেয়। এ নির্বাচন জাতীয় নির্বাচনের ন্যায়ই সবকিছু হয়। শুধু স্ব স্ব স্কুলের শিক্ষকরা নির্বাচনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। খরব ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
কসবা পৌর সদরের তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের জন্য গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা ও মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ৮ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করার পর ১০ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭ সদস্য বিশিষ্ট এ কাউন্সিল নির্বাচনে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।
নির্বাচনে ৬১ ভোট পেয়ে প্রথম হয় তৃতীয় শ্রেণির ছাত্র এনামুল হক বাবু, পঞ্চম শ্রেণির ছাত্র নাজমুল ইসলাম ৬০ ভোট পেয়ে দ্বিতীয়, পঞ্চম শ্রেণির ছাত্রী নাসরিন আক্তার ৫৯ ভোট পেয়ে তৃতীয়, চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না আক্তার ৪৯ ভোট পেয়ে চতুর্থ, চতুর্থ শ্রেণির ছাত্র রনি মিয়া ৪৬ ভোট পেয়ে পঞ্চম, তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার ৩৯ ভোট পেয়ে ৬ষ্ঠ এবং চতুর্থ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তার ৩৮ ভোট পেয়ে সপ্তম হয়। নির্বাচন কার্যক্রম পরিচালনার সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন ও শান্তা রানী সাহা।
উখিয়া (কক্সবাজার)
উখিয়া উপজেলার হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ৭ সদস্যের কাউন্সিলে পঞ্চম শ্রেণি থেকে জহির উল্লাহ, সায়লা শারমিন সামি, শাকিব মোহাম্মদ, চতুর্থ শ্রেণী থেকে রেশমা আক্তার, ইমরান খান এবং তৃতীয় শ্রেণী থেকে সাইকুব হাসান ও সাদিয়া সুলতানা নির্বাচিত হয়েছে। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন পঞ্চম শ্রেণীর ছাত্র মো. তারেক। অনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও ইউপি সদস্য রুহুল আমিন মেম্বার।
শিবচর (মাদারীপুর)
শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন (৩য়-৫ম শ্রেণি) শেষ হয়েছে। এ স্কুলের ৫৮৭ ভোটারের মধ্যে ২৪ জন প্রার্থী স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে অংশ নেয়। এর মধ্যে তৃতীয় শ্রেণিতে সেজুতি রায় (ইসা), ফাতেমা আক্তার, চতুর্থ শ্রেণিতে মারুফ খান, ছায়মা হোসেন, আ: কাদের গালিব, পঞ্চম শ্রেণিতে স্বর্গ কুমার ধর, সিফাত রহমান নির্বাচিত হয়েছে। নির্বাচিত সদস্যরা ভোট দিয়ে স্বর্গ কুমার ধরকে চেয়ারম্যান নির্বাচিত করেছে।
শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিঠু রানী কুণ্ডু জানান, পঞ্চম শ্রেণির স্বর্গ কুমার ধর প্রথম, চতুর্থ শ্রেণির ছায়মা হোসেন দ্বিতীয়, তৃতীয় শ্রেণির সেজুতি রায় (ইসা) তৃতীয় হয়েছে।
রানীনগর (নওগাঁ)
৩য়-৫ম শ্রেণির মোট ১০০ জন শিক্ষার্থীর মধ্য ১০ জন শিক্ষার্থীর অনু্পস্থিতেই ভোট গ্রহণ হয়। এতে ৫ম শ্রেণির রাকিব হোসেনকে ১ম, মেমী আক্তারকে ২য় ও আয়েশা সিদ্দিকাকে ৩য় , ৪র্থ শ্রেণিতে রায়হান বাবুকে ১ম ও বৃষ্টি আকতারকে ২য় ও ৩য় শ্রেণির আরিফা বানুকে ১ম ও শিহাব হোসেনকে ২য় মোট ৭ শিক্ষার্থীকে বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়।
কুমারখালি (কুষ্টিয়া)
কুমারখালির ১৪২টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তৃতীয় হতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ভোটার ও প্রার্থী হয়। এরপর চলে ভোট গণনা। নির্বাচনে প্রত্যেক স্কুলে শিক্ষার্থীদের মধ্য থেকে একজন নির্বাচন কমিশনার, প্রত্যেক বুথে একজন করে প্রিজাইডিং অফিসার, দুইজন করে পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী স্ব স্ব স্কুলের শিক্ষার্থীদের সহযোগিতায় এ নিয়োগ দেয়া হয়। অভেদানন্দ প্রাথমিক বিদ্যালয়, সেরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ভোটাররা সুশৃংখলভাবে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে একজন একজন করে বুথে ঢুকে ভোট দিচ্ছে। অভেদানন্দ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আক্তার বানু বিউটি জানান, জাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনের নিয়ম। এ নির্বাচনে শিক্ষার্থীদের ভেতর অভূতপূর্ব সাড়া পড়েছে। কুমারখালি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান বলেন, সরকার আগামী দিনে সত্ ও দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নিয়েছে।